দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-নগরবাড়ী, দৌলতদিয়া-আরিচা ও মাওয়াঘাটের তিনটি ফেরি দীর্ঘ সময় বন্ধ থাকার পর গতকাল শুক্রবার চালু হয়েছে। মাওয়া-কাওরাকান্দি ফেরিঘাটে ১৮ ঘণ্টা পর এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১০ ঘণ্টা পর নৌযান চলাচল শুরু হয়। এ সময় মাওয়া প্রান্তে আট কিলোমিটার এবং দৌলতদিয়ায় চার কিলোমিটার যানজট দেখা দেয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
মানিকগঞ্জ: ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার রাত আটটা থেকে গতকাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা নদী পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগের শিকার হন কয়েক হাজার যাত্রী ও যানবাহনের শ্রমিক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, কয়েক দিন ধরে পদ্মা-যমুনা অববাহিকায় বৃষ্টি ও প্রচণ্ড বাতাস বইছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা ফেরি শাহ পরান পাটুরিয়া প্রান্তে চ্যানেলের কাছাকাছি এসে চরে আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত আটটার পরপরই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল সকাল ছয়টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। গোয়ালন্দ প্রতিনিধি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে টানা ২৫ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-নগরবাড়ী ও দৌলতদিয়া-আরিচা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় ফেরি চললেও তা কয়েক দফা স্বল্প সময়ের জন্য বন্ধ থাকে। লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে আসা হাজার হাজার যাত্রী ফেরিতে নদী পার হয়। এতে ফেরিতে অতিরিক্ত যাত্রীর চাপ পড়ে। এদিকে তীব্র বাতাসের কারণে নদীতে উত্তাল ঢেউ ও প্রচণ্ড স্রোত থাকায় বৃহস্পতিবার রাত আটটা থেকে ফেরি চলাচলও বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ছয়টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হলেও লঞ্চ চলাচল শুরু হয় ২৫ ঘণ্টা পর দুপুর একটা থেকে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা গেছে, ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানবাহনের লম্বা সারি। দুপুর ১২টার দিকে যানজটে আগের দিনের শতাধিক নৈশ কোচ আটকে আছে।
মুন্সিগঞ্জ: লৌহজং উপজেলায় মাওয়াঘাটে পদ্মার ভাঙনের মুখে ক্ষতিগ্রস্ত তিনটি ঘাট দিয়ে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। তবে ১৮ ঘণ্টা বন্ধ থাকার পরে মেরামতকাজ শেষে ১ ও ২ নম্বর ঘাট দিয়ে মাওয়া-কাওরাকান্দি ফেরি চলাচল শুরু হয়। আর ২২ ঘণ্টা পরে শুরু হয় ৩ নম্বর ঘাট দিয়ে। এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া প্রান্তে আট কিলোমিটার পর্যন্ত গাড়ির জট সৃষ্টি হয়।
মাওয়াঘাটের বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পদ্মার ভাঙনের মুখে তিনটি ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মেরামত শেষে গতকাল বেলা দুইটার দিকে ১ ও ২ নম্বর ঘাট দুটি সচল করা হয়। সন্ধ্যায় একমাত্র রো রো ঘাটের ৩ নম্বর ফেরিটি মেরামতের কাজ শেষ হলে সেই ঘাট দিয়ে যান পারাপার শুরু হয়।