মাওয়া ঘাটে গাড়ির দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের মাওয়া ঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঘাটের পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় গাড়ির জট দেখা গেছে।

আজ শুক্রবার সকাল থেকেই ঘাটে যানজট শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক মো. সিরাজুল হক বলেন, মোট ১৭টি ফেরি দিয়ে মাওয়া-কাওড়াকান্দি রুটে যাত্রীদের পার করা হচ্ছে। ফেরি ও লঞ্চে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় বলে তিনি জানান।

মো. সিরাজুল হক আরও জানান, যানজট এড়াতে শ্রীনগর এলাকায় পণ্যবোঝাই ট্রাকগুলো আটকে রাখা হয়েছে। সেখানে শতাধিক ট্রাক আটকে আছে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী ও ঘাটে আটকে থাকা যাত্রীদের ভাষ্য, প্রায় ৪০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। আটকে থাকা বাসের যাত্রী ফাতেমা হোসেন বলেন, ভোর ছয়টা থেকে ফেরিতে ওঠার জন্য সন্তানসহ বাসে অপেক্ষা করছেন। বড় মানুষ হলে সমস্যা ছিল না। ছোট বাচ্চা নিয়ে অপেক্ষা করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সকাল ১০টা পর্যন্ত তিনি ফেরিতে উঠতে পারেননি বলে জানান।

ঘাটে আটকে থাকা যাত্রী মোহাম্মদ সাদী বলেন, সকাল সাতটা থেকে তিনি মাওয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছেন। সাড়ে ১০টা পর্যন্ত ফেরিতে উঠতে পারেননি। তিনি ঈদ করতে খুলনায় যাবেন বলে জানান।