মাওয়া ঘাটে শতাধিক গাড়ির সারি
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি আটকে আছে। লঞ্চগুলোতেও অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, সকাল থেকেই গাড়ির চাপ বেশি। তাই ঘাটে গাড়ির জট সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীরা অভিযোগ করেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত লোকাল বাসগুলোতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ঢাকা থেকে মাওয়ায় নেমে যাত্রী হোসেন আরা বলেন, বাসগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে বাস ভাড়া যেখানে ৬০ টাকা, সেখানে তাঁকে ১২০ টাকা ভাড়া দিয়ে মাওয়ায় যেতে হয়েছে।
একদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির জট। অন্যদিকে লঞ্চগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেক লঞ্চেই অতিরিক্ত যাত্রী নিতে দেখা গেছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক রিয়াদ হোসেন বলেন, ‘যাত্রীরা আমাদের কথা শুনছে না। ঘরে ফেরার তাড়ায় তাঁরা লঞ্চে ভিড় জমাচ্ছেন।’
ফরিদপুরগামী যাত্রী আনোয়ার হোসেন বলেন, ফেরিতে অনেক জট। সময় বাঁচাতে তিনি লঞ্চে করে যাচ্ছেন।