মাওয়ায় নতুন ৩ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় নবনির্মিত ৩ নম্বর রো রো ফেরিঘাটটি গতকাল সোমবার বিকেলে পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে এই ঘাট দিয়ে ফেরি চলাচল। ফলে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে সৃষ্টি হয়েছে যানজটের।
এর আগে গত ১৯ আগস্ট পদ্মার ভাঙনে ৩ নম্বর রো রো ফেরিঘাট বিলীন হয়ে যায়। এরপর ঘাটটি লঞ্চঘাটের কাছে স্থানান্তর করা হয়। এখানে ২৪ আগস্ট নতুন ঘাট নির্মাণ করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, পদ্মার ভাঙনে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে আধা ঘণ্টার মধ্যে নতুন ৩ নম্বর ফেরিঘাটটি বিলীন হয়ে যায়। এ সময় ঘাটের আশপাশের আটটি দোকান ও লঞ্চঘাটের দুটি সংযোগস্থলও পদ্মাগর্ভে চলে যায়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভাঙনে ৩ নম্বর ঘাটের পন্টুনে ওঠার দুটি র্যাম্পের মধ্যে একটি পানিতে তলিয়ে গেছে। অপরটি চেইন দিয়ে আটকে রাখা হয়েছে। এই ঘাট দিয়ে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ১ ও ২ নম্বর ফেরিঘাট সচল আছে।