মাওয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙনে ৩ নম্বর ফেরিঘাট (রো রো ঘাট) পুরোপুরি বিলীন হয়ে যাওয়ায় রো রো ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। এতে মাওয়া ঘাট চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ট্রাকের জট সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরের তোলা ছবি l প্রথম আলো
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙনে ৩ নম্বর ফেরিঘাট (রো রো ঘাট) পুরোপুরি বিলীন হয়ে যাওয়ায় রো রো ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। এতে মাওয়া ঘাট চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ট্রাকের জট সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরের তোলা ছবি l প্রথম আলো

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙনে ৩ নম্বর ফেরিঘাট (রো রো ঘাট) পুরোপুরি বিলীন হয়ে যাওয়ায় ওই নৌপথে রো রো ফেরি পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় মাওয়া ঘাট চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ট্রাকের জট সৃষ্টি হয়েছে।

পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন পারাপার হয় এই ঘাট দিয়ে। মাওয়ায় ৩ নম্বর ঘাট বিলীন হয়ে গেলেও এই ঘাটের পাশেই ১ ও ২ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল অব্যাহত আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, মাওয়া ঘাটের ১৬টি ফেরির মধ্যে গতকাল মঙ্গলবার ১৩টি ফেরি চলাচল করে। ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় রো রো ফেরি তিনটি চলতে পারেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওয়ায় পদ্মা নদীর ভাঙন গত সোমবার বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত দুইটা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময়ের মধ্যে ৩ নম্বর ঘাটের আশপাশে প্রায় ৩৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। এই সীমারেখার মধ্যেই ছিল মাওয়া ৩ নম্বর ফেরিঘাট, লঞ্চঘাটের পন্টুনে ওঠা-নামার দুটি সংযোগ সড়ক ও ঘাটের আশপাশের প্রায় ৩০টি ছোট-বড় দোকান। এর সবই বিলীন হয়ে গেছে। গতকাল আর নতুন করে ভাঙন দেখা দেয়নি। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ঘাট এলাকায় ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল ৩ নম্বর ঘাট পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা আগের স্থানের পাশে নতুন করে ৩ নম্বর ঘাট স্থাপনের নির্দেশ দেন।

গতকাল বিকেলে সরেজমিনে মাওয়া ঘাটে গিয়ে দেখা যায়, ৩ নম্বর ফেরিঘাটটি নতুন করে স্থাপনের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরাও দোকান নির্মাণকাজ করছেন।

বিআইডব্লিউটিএর ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ প্রথম আলোকে জানান, ৩ নম্বর ঘাটের নির্মাণকাজ আজ (বুধবার) সন্ধ্যার মধ্যেই শেষ হবে।

ঢাকা থেকে মাদারীপুরগামী ট্রাকের চালক সারোয়ার হোসেন বলেন, চার দিন ধরে তাঁরা ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক নিয়ে আছেন। ফেরিতে ওঠার সিরিয়াল পাচ্ছেন না।