মাওয়ার পুরাতন ফেরিঘাটও বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পুরাতন ফেরিঘাটের অবশিষ্ট তিন নম্বর ঘাটও গতকাল শনিবার বিলীন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত ওই ঘাটে একটি দ্বিতল ভবনসহ কয়েকটি স্থাপনা পদ্মায় বিলীন হয়ে যায়। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি স্থাপনা।
এর আগে গত এক মাসের মধ্যে পুরাতন ফেরিঘাটের এক ও দুই নম্বর ঘাট পদ্মায় বিলীন হয়। তবে নতুন ফেরিঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত আছে। এদিকে মাওয়া-কাওড়াকান্দি ফেরিপথে পারাপারের জন্য গতকালও যানবাহনের সারি ছিল। ঢাকা-মাওয়া মহাসড়কের খানবাড়ী থেকে মাওয়া নতুন ফেরিঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় শুধু পণ্যবাহী ট্রাকের সারি দেখা গেছে।
গতকাল পুরাতন ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, পদ্মার প্রচণ্ড স্রোতে বড় বড় ফাটল সৃষ্টি হয়ে নদীর তীর ভেঙে পড়ছে। ভাঙন-আতঙ্কে সরানো হচ্ছিল সড়ক পরিবহনের কাউন্টারসহ বেশ কিছু স্থাপনা। ভাঙন এলাকায় কথা হয় স্থানীয় বাসিন্দা মো. আবদুল ওহাবের (৬০) সঙ্গে। তিনি বলেন, এবারের ভাঙনের ধরন একটু ভিন্ন। আগে পদ্মার ঢেউ তীরে আঘাত করার পর ভাঙন শুরু হতো। এখন নদীর স্রোতের তোড়ে তীরের তল দিয়ে মাটি সরে গিয়ে একসঙ্গে বিশাল অংশ ধসে পড়ছে। তাই এবারের ভাঙনে ক্ষতি হচ্ছে বেশি।
এদিকে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবার মাওয়া ঘাটে পুরাতন বাস স্ট্যান্ডে খোলা আকাশের নিচে অবস্থান করছে। পরিবারগুলোর সদস্যরা বলেন, তাঁরা এখানে ১০-১৫ দিন ধরে অবস্থান করছেন। কিন্তু সরকারের কাছ থেকে মাত্র ৭০০ টাকা ও ২০ কেজি করে চাল পেয়েছেন। এই দিয়েই কোনোরকমে কষ্ট করে চলছেন। স্থানীয় আওয়ামী লীগের সাংসদ ও হুইপ সাগুফতা ইয়াসমিন গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে এসে জশলদিয়াতে পদ্মা পুনর্বাসন কেন্দ্রে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, ‘মাওয়া ঘাটের ভাঙনকবলিত স্থানটি বিআইডব্লিউটিএর এলাকা। পদ্মার ভাঙন প্রতিরোধে তাদের ব্যবস্থা নেওয়ার কথা। তারা কেন ব্যবস্থা নিচ্ছে না জানি না।’ এর আগে গত বৃহস্পতিবার মাওয়ায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সামছুদ্দোহা খন্দকার ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
লৌহজংয়ে ভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন: গতকাল বিকেলে লৌহজংয়ের ঘোড়দৌড় এলাকায় ২৪ কোটি টাকা ব্যয়ে পদ্মার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন হুইপ সাগুফতা ইয়াসমিন। বাঁধটি নির্মাণ করছে পাউবো।