মাওয়ার পুরোনো ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পুরোনো ফেরিঘাট এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গতকাল বুধবার পর্যন্ত তিন দিনে এই এলাকার ১৫টি দোকান, ঘরবাড়িসহ প্রায় আধা কিলোমিটার এলাকা পদ্মায় বিলীন হয়ে গেছে।
এদিকে পদ্মার ভাঙন তীব্র হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। শিগগিরই ব্যবস্থা না নিলে ভাঙন এলাকা থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত মাওয়া-ভাগ্যকুল সড়ক, পুরোনো বাসস্ট্যান্ড, মাওয়া পুলিশ ফাঁড়িসহ ঘাটসংলগ্ন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মায় বিলীন হয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পুরোনো ঘাট এলাকায় পদ্মার প্রচণ্ড স্রোতের কারণে ‘ঘূর্ণি’ সৃষ্টি হয়েছে। এ কারণে পুরোনো ঘাটসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় ফাটল সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে ফাটল ধরা স্থানগুলো পদ্মায় বিলীন হয়ে যেতে পারে। এখানকার দোকান ও বসতঘরের মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙন আতঙ্কে অনেকে দোকান ও ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, গত সোমবার ভাঙন শুরু হয়। তিন দিনের ভাঙনে দেলোয়ার শাহের আধা পাকা স্থাপনাবিশিষ্ট ‘মাজার’ ও ১০টি দোকান এবং পাঁচটি বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক দোকান ও বসতঘর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, পদ্মার ভাঙনের মুখে তিনি নিজের টঙের দোকানটি সরিয়ে নিয়েছেন। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শিগগিরই ব্যবস্থা না নিলে মাওয়া ঘাটের গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে।
মাওয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে কোনো কিছু দিয়েই তা রোধ করা সম্ভব নয়। তবে বিআইডব্লিউটিএ ভাঙনের ব্যাপারে একটি পাইলট প্রকল্প নিয়েছে। সেই কাজ শুকনো মৌসুমে করতে হবে। এখন পানি উন্নয়ন বোর্ড যদি কোনো ব্যবস্থা নিতে পারে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘মাওয়া ঘাটের যে স্থানে ভাঙছে, সেটি দেখভাল করে থাকে বিআইডব্লিউটিএ। ভাঙন রোধে তারাই ব্যবস্থা নেবে। এখানে আমাদের কাজ নেই। তবে আমরা এই এলাকার বাইরে উজান অঞ্চলে ছয় কিলোমিটারজুড়ে একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছি।’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা শুরু হয়েছে। বুধবার (গতকাল) পর্যন্ত ১৩৪টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রায় সাড়ে চার টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এই চাল ও টাকা বিতরণ করা হবে।
ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, ভাঙন এলাকা বিআইডব্লিউটিএর অধীন। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে বলা হয়েছে।