মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে সিএসই কার্নিভ্যাল শুরু আজ থেকে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) কার্নিভ্যাল আজ শুক্রবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগ এ কার্নিভ্যালের আয়োজন করছে।
সিএসই বিভাগের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, কার্নিভ্যালে দেশের ৪৪টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১২০টি দল অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। সকালে টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মো. ছানোয়ার হোসেন ক্যাম্পাসে শোভাযাত্রার মাধ্যমে এর উদ্বোধন করবেন। এরপর প্রজেক্ট প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড ও ‘সিএসই স্টাডি অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ। কার্নিভ্যালের দ্বিতীয় দিন কাল শনিবার আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন।