মাওয়া-কাওরাকান্দি নৌপথে নৌযান চলাচল ব্যাহত
নিম্নচাপের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গতকাল শুক্রবার সকাল থেকে কাওরাকান্দি-মাওয়া নৌপথে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয়।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সকাল নয়টা থেকে মাওয়া-কাওরাকান্দি-মাঝিকান্দি নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে সাতটি ফ্লাট ফেরি চলাচলও বন্ধ রাখা হয়। বাকি তিনটি কে-টাইপ ফেরি এ সময় সতর্কতার সঙ্গে চলাচল করে।গতকাল দুপুরে কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা গেছে, তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। দুপুর দুইটার দিকে বাতাসের গতিবেগ কিছুটা কমলে ফ্লাট ফেরিগুলো হালকা যানবাহন নিয়ে ছেড়ে যায়। এ সময় দু-একটি বড় লঞ্চ ও স্পিডবোট ছেড়ে যেতে দেখা গেছে।বিআইডব্লিউটিসির মাওয়া জোনের সহকারী মহাব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরিসহ সব নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।