মাওয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌপথে তিন দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শাহ পরান নামের একটি লঞ্চমালিকের সঙ্গে লঞ্চ মালিক সমিতির বিরোধকে কেন্দ্র করে এই সংকটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।যাত্রীদের সুবিধার্থে গতকাল শনিবার সি-ট্রাক চালু করায় লঞ্চ মালিক সমিতির পক্ষের লোকজন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের নৌবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতির বাধার কারণে চালুর এক ঘণ্টা পরেই সি-ট্রাকের চলাচলও বন্ধ করে দেওয়া হয়।মো. মহিউদ্দিন অভিযোগ করেন, চারটি লঞ্চের মালিক ও প্রতিনিধিরা তাঁকে লাঞ্ছিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ওই লঞ্চগুলোর রুট পারমিট স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, রুট পারমিট স্থগিত হওয়া লঞ্চ চারটি হচ্ছে এম এল আমজাদ, পিনাক-৬, মাসুম-১ ও হানজালা।বিআইডব্লিউটিএ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লঞ্চ মালিক সমিতির অনুমতি না নিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাওরাকান্দি ঘাট থেকে শাহ পরান নামের একটি লঞ্চ যাত্রী নিয়ে মাওয়া ঘাটে এলে সমিতির লোকজন তাতে বাধা দেন। এরপর শাহ পরানের মালিক ইয়াকুব বেপারী কাওড়াকান্দি ঘাট থেকে অন্য লঞ্চের চলাচল বন্ধ করে দেন। এতে করে এই নৌপথে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন জানান, শাহ পরান লঞ্চকে বাদ রেখে মালিক সমিতি লঞ্চ চালাতে চাইছেন। আর শাহ পরানের মালিকপক্ষের লোকজন কাওরাকান্দি ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন।যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বিআইডব্লিউটিএ গতকাল সকাল ১০টা থেকে সি-ট্রাক চালু করে। এতে ক্ষিপ্ত হয়ে মালিক সমিতির লোকজন বিআইডব্লিউটিএর কর্মকর্তা মহিউদ্দিনের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর বেলা ১১টার দিকে সি-ট্রাকের চলাচলও বন্ধ করে দেওয়া হয়।তিন দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে স্পিডবোট ও ট্রলারে করে যাতায়াত করতে হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়েনি। বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এমভি শাহ পরান লঞ্চটি মূলত মাওয়া-কাওরাকান্দির লঞ্চ মালিক সমিতির অন্তর্ভুক্ত নয়। লঞ্চটিকে চলতে বাধা দেওয়ার কারণে বারবার এ সমস্যা হচ্ছে। তবে দুই পারের মালিকদের নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।