মাওয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নৌ মন্ত্রণালয়ে এক বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় লঞ্চ মালিক সমিতি।দুটি লঞ্চ ক্রমিক অবস্থান (সিরিয়াল) ভেঙে চলাচল করায় গত বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে লঞ্চ মালিক সমিতি। ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে লঞ্চমালিক ও শ্রমিকেরা মাঝনদীতে পদ্মার হাজরা চ্যানেলে আড়াআড়িভাবে লঞ্চ রেখে ওই নৌপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।পুলিশ ও কাওরাকান্দি লঞ্চঘাট সূত্রে জানা গেছে, লঞ্চ মালিক সমিতির সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করে ‘সোনালী এক্সপ্রেস’ ও ‘শাহ পরান’ নামের দুটি লঞ্চ কোনো ধরনের সিরিয়াল ছাড়া যাত্রী পারাপার শুরু করে। এর প্রতিবাদে মাওয়া-কাওরাকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌপথে চলাচলরত ৮১টি লঞ্চের মালিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।এরই জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে নদীর মাঝে হাজরা চ্যানেলে ৮০টি লঞ্চ দিয়ে ওই নৌপথ অবরোধ করা হয়। এতে উভয় ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই ফেরি, সি-বোট, ট্রলারসহ শতাধিক নৌযান মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। পরে খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাসসহ পুলিশের একটি দল অবরোধস্থলে গিয়ে লঞ্চ দুটি আটকের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার সময় অবরোধ তুলে নেওয়া হয়। তবে মাওয়া ঘাটে একটি লঞ্চ টার্মিনাল স্থানান্তরের দাবিতে লঞ্চ ধর্মঘট অব্যাহত রাখে মালিক সমিতি। পরে বিকেলে ঢাকায় অনুষ্ঠিত সভায় প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, সভায় আগামী ১০ দিনের মধ্যে লঞ্চ টার্মিনাল স্থানান্তরের আশ্বাস দেওয়া হলে মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নেয়। আজ শুক্রবার থেকে লঞ্চ চলাচল শুরু হবে। লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।