মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দুই ফেরির সংঘর্ষ, আহত ৫
মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি নৌপথে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দুটি ফেরির সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ যাত্রী আহত হন। এ সময় ফেরিতে থাকা দুটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১০টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে নয়টি ফেরি আটকা পড়ে। সারা রাত আটকে থাকার পর গতকাল বেলা ১১টার দিকে কুয়াশা সামান্য কেটে যায়। এ সময় ফেরিগুলো চলতে শুরু করলে শাহ মখদুম ও কাকলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ফেরির পাঁচজন যাত্রী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফেরির সামনে থাকা দুটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। পরে দুপুর ১২টার দিকে কুয়াশা পুরোপুরি কেটে গেলে ফেরিগুলো গন্তব্যের দিকে রওনা হয়।
মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, কুয়াশার কারণে সোমবার রাতে নয়টি ফেরিকে মাঝনদীতে নোঙর করে রাখা হয়। পরে চলতে গিয়ে দুটি ফেরির মধ্যে সংঘর্ষ হলে ফেরি দুটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এতে কাকলি ফেরিতে থাকা দুটি প্রাইভেট কারের ক্ষতি হয়।
১০ ঘণ্টা ফেরি বন্ধ: গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে গত সোমবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে ট্রাকসহ তিন শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর মাহমুদ হোসেন বলেন, সোমবার দিবাগত রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা আরও বাড়তে থাকে। রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে আমানত শাহ ও কপোতি নামের দুটি ফেরি এবং পাটুরিয়া ঘাটে শাহ আলী ও ভাষাশহীদ বরকত নামের আরও দুটি ফেরি যানবাহন বোঝাই করে ঘাটেই অবস্থান করে। এ সময় উভয় ঘাটে তিন শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।