মাওয়া-কাওড়াকান্দি পথে ফেরি ও লঞ্চের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত শনিবার রাত আটটার দিকে ফেরির সঙ্গে একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লঞ্চযাত্রীরা লঞ্চটিতে ভাঙচুর চালিয়েছেন। কাওড়াকান্দি লঞ্চঘাটের সুপারভাইজার মুলাদাদ হোসেন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে প্রায় ৯০ জন যাত্রী নিয়ে এমএল জুবলী লঞ্চটি শনিবার রাত আটটার দিকে কাউলিপাড়ায় পৌঁছালে কাওড়াকান্দি থেকে মাওয়াগামী ‘ফরিদপুর’ নামের একটি ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লঞ্চের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে মহসিন খানসহ (২৫) পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চটিতে ভাঙচুর চালান। কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী বলেন, নদীতে অসংখ্য ডুবোচর থাকায় সরু চ্যানেল দিয়ে একই সময় ফেরি ও লঞ্চ চলাচল করতে হচ্ছে। এ ছাড়া রাতে লঞ্চগুলোতে আলোর ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, সন্ধ্যার পরে এই পথে লঞ্চ চলাচল নিষেধ। তার পরও যদি কেউ লঞ্চ চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।