ডুবচর ও নাব্যতার সংকটের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল গতকাল সোমবার সকাল থেকে সাত ঘণ্টা বন্ধ থাকে। এতে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভীষণ দুর্ভোগে পড়ে।অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, এক মাস আগে ডুবোচর ও নাব্যতার সংকটের কারণে ওই পথের ‘হাজরা ক্রস’ চ্যানেলটি বন্ধ হয়ে যায়। চ্যানেলটি চালু করতে ১৪ জুলাই পুনরায় খননের কাজ (ড্রেজিং) শুরু হয়। তখন ফেরি চলাচল করত প্রায় ২০ কিলোমিটার ঘুরে মাগুরখণ্ড-নাওডোবা চ্যানেল দিয়ে। এই চ্যানেলেও ডুবোচরের সৃষ্টি হলে ২৫ জুলাই থেকে এটিতেও ড্রেজিং শুরু হয়। গত রোববার রাত নয়টার দিকে শহীদ বরকত ফেরিটি মাওয়া থেকে কাওড়াকান্দি আসার পথে মাঝনদীতে আটকে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফেরিটি চলতে শুরু করে। গতকাল ভোর চারটার দিকে আরেকটি ফেরি কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে গিয়ে মাঝনদীতে আটকে পড়ে। এ কারণে ভোর ছয়টা থেকে এই পথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুপুর ১২টার দিকে আটকে যাওয়া ফেরিটি উদ্ধার করা হয়। মাগুরখণ্ড-নাওডোবা চ্যানেলের এক কিলোমিটার দূরের আরেকটি চ্যানেল দিয়ে দুপুর একটার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিসির মাওয়া-কাওড়াকান্দি পথের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুর রহমান বলেন, ডুবোচর ও নাব্যতার সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।