মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌ-চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় শাহ আমানত ফেরিতে করে চলাচল করছে হাজারো মানুষ। ছবিটি আজ বিকেলে মাওয়া ঘাট থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
মুন্সিগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌ-চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় শাহ আমানত ফেরিতে করে চলাচল করছে হাজারো মানুষ। ছবিটি আজ বিকেলে মাওয়া ঘাট থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের কাওড়াকান্দি নৌ রুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ শনিবার দুপুর ১২টার দিকে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও ট্রাফিক) আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে। এ অবস্থায় যাত্রী পরিবহনে ব্যবহূত স্পিডবোট ও লঞ্চ চলাচল নিরাপদ নয়। তাই আমরা দুপুর ১২টা থেকে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছি। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।’

এ দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচল করা যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছে তারা।

এর আগে গত সোমবার প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাওয়া ঘাটের অদূরে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। ছয় দিনেও লঞ্চটির হদিস মেলেনি। ওই লঞ্চে থাকা ৪২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শতাধিক যাত্রী এখনো নিখোঁজ।