মাওয়া-কাওড়াকান্দিতে ট্রাকের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়ায় তিন নম্বর ফেরিঘাট চালু না হওয়ায় এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় গতকাল বৃহস্পতিবারও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ১৬টি ফেরির মধ্যে আটটিই বন্ধ রয়েছে। ফলে এই দুই ঘাটে যানজট পরিস্থিতিরও উন্নতি হয়নি। উভয় ঘাটে দু-তিন দিন ধরে অপেক্ষা করেও নদী পার হতে পারেনি অসংখ্য পণ্যবাহী ট্রাক। তবে বাসযাত্রীরা ঘাটে নেমে লঞ্চ, ট্রলার বা স্পিডবোটে করে নদী পার হচ্ছেন।
পদ্মার পানি আকস্মিক বেড়ে যাওয়ায় এবং প্রচণ্ড স্রোতের কারণে গত মঙ্গলবার রাতে মাওয়ায় তীব্র নদী ভাঙন শুরু হয়। ভাঙনের কবলে পড়ে ওই রাতেই তিন নম্বর ফেরিঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। বুধবার সকাল নয়টার দিকে ঘাট এলাকা পরিদর্শন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ২৪ ঘণ্টার মধ্যে ঘাটটি মেরামত করে সচল করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। তবে হুমকির মুখে থাকা দুই নম্বর ফেরিঘাটের আশপাশে গতকাল সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।
এসব বিষয়ে মাওয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, নদীর যে অবস্থা, তাতে স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তিন নম্বর ঘাটের মেরামতকাজ বন্ধ রাখা হয়েছে। এখন তিন নম্বর ঘাট সরিয়ে স্পিডবোট ঘাটের কাছে নতুন করে নির্মাণ করা হচ্ছে।
মাওয়া ঘাটের বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ বলেন, দুই নম্বর ঘাটে মেরামতকাজ চলছে। ওই ঘাটের পাশেই আরেকটি র্যা ম্প বসানো হচ্ছে। সেখানে রো রো ফেরিগুলো ভিড়তে পারবে।
স্থানীয় সূত্র জানায়, ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় ঘাটে যানজট পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মাওয়া ঘাটের চৌরাস্তা থেকে ট্রাকের সারি দুই কিলোমিটার পর্যন্ত শ্রীনগরের দোগাছিতে গিয়ে ঠেকেছে। ওপারে কাওড়াকান্দি ঘাটেও একই পরিস্থিতি।
মাওয়ায় গত দুই দিনে ইতিমধ্যে ৩০টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন-আতঙ্কে গতকাল সকাল ১০টা পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে আরও ৩০-৩৫টি দোকানঘর।
সূত্র জানায়, মাওয়া তিন নম্বর ফেরিঘাটের ডুবে যাওয়া র‌্যাম্পটিকে গতকাল সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম টেনে তুলতে পেরেছে।