মাওয়া ঘাটে গুলিবিনিময় দুই পুলিশ গুলিবিদ্ধ তিন ডাকাত আটক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে সোনালী ব্যাংকে ডাকাতিকালে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। একটি রিভলবারসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাঁরা হলেন উজ্জ্বল (২৬), ঈমন (২৫) ও শওকত (২৮)। পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাতদের আটক করা হয়েছে। আহত দুই পুলিশকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সশন্ত্র তিন ব্যক্তি গতকাল রাত নয়টার দিকে মাওয়া ঘাটে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় প্রবেশের চেষ্টা করেন। ব্যাংকের প্রহরী তাঁদের বাধা দিলে তাঁরা তাঁকে মারধর করেন। প্রহরী নিচতলায় সিঁড়ির কাছে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ও পুলিশ এগিয়ে আসে। ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ডাকাতের গুলিতে আলমগীর ও শরিফ নামে পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরে পুলিশ ও জনগণ ব্যাংকের ভেতর ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতেরা ব্যাংকের ভেতর ব্যবস্থাপক আবদুল ওহাবকে জিম্মি করে রাখেন। একপর্যায়ে পুলিশ ব্যাংকের ব্যবস্থাপককে জিম্মিদশা থেকে উদ্ধার ও তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।