মাওয়া ঘাটে টোলকেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে টোলকেন্দ্র দখলকে কেন্দ্র করে গতকাল সোমবার আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদের ইজারাদার মেদেনীমন্ডল ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জামান গতকাল সকাল ১০টার দিকে তাঁদের লোকজন নিয়ে মাওয়া ঘাটে টোল আদায় করছিলেন। এ সময় বিআইডব্লিউটিএ থেকে ইজারা গ্রহণকারী মেদেনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন তাঁর লোকজন নিয়ে হামিদুল ও জামানের লোকজনের ওপর হামলা চালান। দুই পক্ষই রামদা, চাপাতি, বল্লম, জুইত্যা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে লৌহজং থানার ওসি আরজু মিয়া ও কনস্টেবল সোলায়মান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি রাবার বুলেট ছোড়ে। আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে মাওয়া ঘাটে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ওসি আরজু মিয়াকে প্রথমে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কনস্টেবল সোলায়মানকে ভর্তি করা হয়েছে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে। মেদেনীমন্ডল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জামানসহ (৩৬) অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।পুলিশ সুপার সাহাবুদ্দিন খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসা হয়। তবে কে টোল আদায় করবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে গতকাল মাওয়া ঘাটে যাত্রী পারাপারে টোল আদায় বন্ধ ছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ছয় মাস আগেও মাওয়া ঘাটের লঞ্চঘাটের টোল আদায় করত জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএর আলাদা দুই ইজারাদার প্রতিষ্ঠান। গত ১৮ জুন বিআইডব্লিউটিএ মাওয়া ঘাটকে নৌবন্দর ঘোষণা দিয়ে জেলা পরিষদ যে টোল আদায় করে, তা অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতে রিট করে। এই রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ২৫ জুন জেলা পরিষদের টোল আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। এই আদেশের কপি জেলা পরিষদ কর্তৃপক্ষ পায় ২৮ জুন। কিন্তু উচ্চ আদালতের আদেশ কপি পাওয়ার আগেই ২৫ জুন জেলা পরিষদ তাদের টোলঘাট ইজারা দেয়। এক কোটি চার লাখ টাকায় সেই ঘাটের ইজারা পান মাওয়া ঘাট এলাকার মেদেনীমন্ডল ইউনিয়নে যুবলীগের সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ জামান।