মাওয়া ঘাটের নতুন স্থান নির্ধারণ নিয়ে গতকাল রোববার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় তিনজন মন্ত্রী, স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। তবে বৈঠকে ঘাট স্থানান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৭ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভায় মাওয়া ফেরিঘাটের নতুন স্থান নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন, নৌ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার শামসুল হুদা, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিআইডব্লিউটিএর জাহাজ ‘সন্ধানী’তে করে পদ্মা সেতুর স্থল ও আশপাশ এলাকা ঘুরে দেখেন ওই তিন মন্ত্রীসহ কর্মকর্তারা। তাঁরা প্রথমে কুমারভোগের শিমুলিয়া বাজারে সম্ভাব্য ঘাট এলাকা পরিদর্শন করেন। এরপর মাওয়ার পূর্বে সম্ভাব্য কান্দিপাড়া ঘাট এলাকা পরিদর্শন করেন এবং মাওয়ার ভাঙনকবলিত এলাকার খোঁজ নেন তাঁরা। পরে তাঁরা সেখান থেকে জাহাজে করে কাওড়াকান্দি ঘাট এলাকা পরিদর্শন করেন। এর আগে পদ্মা সেতু রেস্ট হাউসে এ-সংক্রান্ত ভিডিওচিত্র দেখানো হয়। এতে ঘাট স্থানান্তরের জন্য কোন এলাকায় কী পরিমাণ জায়গা অধিগ্রহণ করা হবে এবং কোথায় সড়ক ও ঘাট নির্মাণের প্রয়োজন হবে, তার একটি ধারণা দেওয়া হয়। মাওয়ার বর্তমান ঘাটটি শিমুলিয়ায় বাজারসংলগ্ন পদ্মার শাখা নদীতে স্থানান্তর করতে ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি চার লাখ টাকা। আর কান্দিপাড়ায় ঘাট স্থানান্তরের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫২১ কোটি টাকা।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য এখন বর্তমান মাওয়া ঘাট সরিয়ে অন্যত্র নেওয়ার ভাবনা চূড়ান্ত পর্যায়ে।’