মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে পদ্মার ভাঙন প্রতিরোধে নদীশাসনের দাবিতে গতকাল সোমবার মাওয়া চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এতে মাওয়া ঘাটের ব্যবসায়ী ছাড়াও ঘাটসংলগ্ন মেদেনীমণ্ডল, কুমারভোগসহ আশপাশের গ্রামের নারী-পুরুষেরা অংশ নেন। বিক্ষোভের কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাওয়া চৌরাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া চৌরাস্তায় সকাল ১০টার দিকে লোকজন এসে নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা চৌরাস্তায় বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিরুল ইসলাম ও কুমারভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান গিয়ে ভাঙন প্রতিরোধে নদীশাসনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। এরপর মহাসড়ক থেকে চলে যান বিক্ষোভকারীরা। এলাকাবাসী জানান, প্রায় দুই মাস আগে পদ্মার ভাঙনের কারণে মাওয়া ঘাটসহ আশপাশের মেদেনীমণ্ডল ও কুমারভোগ ইউনিয়নের গ্রামগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ভাঙন প্রতিরোধে এলাকাবাসী মানববন্ধনসহ বিক্ষোভ করেছিলেন। প্রশাসনের লোকজন তখনো ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, ‘পদ্মার ভাঙন প্রতিরোধ নদীশাসনের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ দেখালে প্রশাসনের পক্ষে আমি গিয়ে তাঁদের আশ্বাস দিই। এলাকাবাসীর এই দাবির কথা গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’