মাওয়া ফেরিঘাটে হামলা, ২১ জেলায় যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটের স্পিডবোট চালকদের দুই পক্ষে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আয়োজিত সমঝোতা বৈঠকের আগে গতকাল সোমবার আবারও হামলা হয়েছে। মাওয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। এর জেরে কাওড়াকান্দি ঘাটের শ্রমিক ও স্থানীয় লোকজন নৌযানসহ যানবাহন অবরোধ করে রাখে। উভয় ঘাটে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌচলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বরিশাল বিভাগসহ খুলনার ২১টি জেলায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সমঝোতা বৈঠকে যোগ দিতে গতকাল সকাল নয়টার দিকে কাওড়াকান্দি লঞ্চমালিক সমিতির সভাপতি আতাহার বেপারি, স্পিডবোট চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার মাওয়া ফেরিঘাটে যান। এ সময় স্থানীয় স্পিডবোট চালক ও শ্রমিকেরা চায়ের দোকান থেকে ফুটন্ত পানি এনে আতাহার বেপারির শরীরে ঢেলে দেন। পরে তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেলোয়ার হোসেন ও দেলোয়ার হাওলাদার পালিয়ে পাশের পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন।কাওড়াকান্দি ঘাটে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শ্রমিক মাওয়া থেকে ছেড়ে আসা লঞ্চ, স্পিডবোট ফেরিঘাটে ভিড়তে দেননি। তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।এ সময় পদ্মায় নয়টি ফেরি ও পাঁচটি লঞ্চের কয়েক হাজার যাত্রী ও উভয় ঘাটের সড়কে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। উভয় পাড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ২০ হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়।খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সমঝোতা বৈঠকের আগে হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মাওয়া ঘাট থেকে মনিরুজ্জামান ফকির (২৪) নামের একজনকে আটক করেছে।