মাওয়ার পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়া ঘাট এলাকার পদ্মা নদীতে গতকাল শনিবার রাতে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।জানা যায়, রাত আটটার দিকে মাওয়া ট্রলার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার কাওড়াকান্দির উদ্দেশে রওনা দেয়। কিছুদূর গিয়েই একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। রাত একটা পর্যন্ত কোনো প্রাণহানি বা কারও নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি। সব যাত্রীই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ট্রলারের যাত্রী ইমান খান অভিযোগ করেন, এত বড় দুর্ঘটনা ঘটলেও যাত্রীদের উদ্ধারে কোনো পুলিশ এগিয়ে আসেনি। তবে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তায়েব জানান, ট্রলারের সব যাত্রীকে উদ্ধারের পর অন্য দুটি ট্রলারে করে ওপারে পৌঁছে দেওয়া হয়েছে।