মাওয়ার সঙ্গে দুই জেলার নৌযোগাযোগ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদী উত্তাল থাকায় মাওয়ার সঙ্গে মাদারীপুর ও শরীয়তপুরের নৌ যোগাযোগ ব্যাহত হচ্ছে। ওই নৌপথে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কয়েকটি ফেরি।

আজ বুধবার সকাল থেকে এসব নৌপথে নৌযানগুলোকে চলাচল না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, সকাল থেকে পদ্মা নদী বেশ উত্তাল। নদীতে স্রোতও বেশি। এ কারণে মাওয়ার সঙ্গে মাদারীপুরের কাওরাকান্দি ও কাঁঠালবাড়ি এবং শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাটের নৌপথে লঞ্চ ও সিবোট চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। আটটি ডাম্ব ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তবে চারটি রোরো ও চারটি কে-টাইপের ফেরি দিয়ে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে। এমন পরিস্থিতির কারণে এ মুহূর্তে পণ্যবাহী গাড়ি পারাপার করা সম্ভব হচ্ছে না। বেলা ১১টার দিকে কাওরাকান্দি ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

আব্দুস সালাম বলেন, পলি জমে নদীতে কোথাও কোথাও ডুবোচর তৈরি হয়েছে। একই সঙ্গে নদীও উত্তাল। তাই ফেরিগুলোকে ঘাটে পৌঁছাতে যেখানে সোয়া ঘণ্টা লাগত, এখন আরও এক ঘণ্টা বেশি লাগছে।

লঞ্চ মালিক সমিতির মঙ্গলমাঝি ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাদবর বলেন, মাওয়ার সঙ্গে এ পারের তিনটি ঘাটে প্রতিদিন ৮৭টি লঞ্চ ও ছয় শতাধিক সিবোট চলাচল করে। আজ সকাল থেকে নৌযানগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় চারটি ঘাটে হাজার হাজার যাত্রী আটকা পড়েছে।