মাওয়ায় একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙন অব্যাহত থাকায় গতকাল সোমবার মাত্র একটি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে। এ কারণে উভয় পারে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।এদিকে গত রোববার সন্ধ্যায় ১ নম্বর ফেরিঘাট ও ১৫টি দোকান পদ্মায় বিলীন হওয়ার ঘটনায় নিখোঁজ ছয় ব্যক্তির এখনো সন্ধান মেলেনি। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল মাওয়া ঘাট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। মাওয়ায় আরও তিনটি নতুন ঘাট চালুর নির্দেশ দেওয়া হয়েছে।নৌপরিবহনমন্ত্রী গতকাল পদ্মা সেতুর রেস্টহাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার শামসুদ্দোহা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুজিবুর রহমান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান।সূত্র জানায়, ফাটল দেখা দেওয়ায় সচল ৩ নম্বর ঘাটও হুমকির মুখে পড়েছে। চালুর অপেক্ষায় থাকা নতুন ৪ নম্বর ঘাটে রাতে ফাটল দেখা দিয়েছে। এতে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস হুমকির মুখে পড়েছে।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান বলেন, নাব্যতাসংকট ও তীব্র স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার পর এবার নদীভাঙন দেখা দিয়েছে।রোববার রাতে নদীভাঙনে মাওয়া ঘাটের ইমামবাড়ি মসজিদ বিলীন হয়ে গেছে। পাশের কয়েকটি বাড়িঘরও হুমকির মুখে পড়েছে। ফেরি সার্ভিস বিঘ্নিত হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ দুর্ভোগে পড়েছে।প্রসঙ্গত, নদীভাঙনের কারণে ৯ অক্টোবর প্রথমে মাওয়ার ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। পরদিন কিছু অংশ ভেঙে পড়ায় এবং ফাটল দেখা দেওয়ায় ১ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়। জরুরি মেরামতকাজ করে আট ঘণ্টা পর সেদিন রাতে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু রোববার ১ নম্বর ঘাটটি পুরোপুরি বিলীন হয়ে যায়। এর আগে ৪ ও ৫ অক্টোবর পার্কিং ইয়ার্ড ও লঞ্চঘাটের একাংশ বিলীন হয়ে যায়।মাওয়া ঘাটের বন্দর কর্মকর্তা (বিআইডব্লিউটিএ) মহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, নতুন করে আরও তিনটি ঘাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘একমাত্র ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু আছে। কিন্তু ভাঙনের মুখে সেটিও টিকে থাকবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।’রোববার পদ্মার ভাঙনে নিখোঁজ ব্যক্তিদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিরা হলেন: আখেরুজ্জামান (৪৫), আবুল কাশেম (৪৫), আবুল কালাম আজাদ (৫৫), মো. জালাল উদ্দিন (৩০), শাহজাহান (৩৫) ও হুমায়ুন (৩৮)।মাওয়া ঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ বলেন, তীব্র স্রোত ও নদীভাঙনের কারণে ডুবুরি দল উদ্ধারকাজ করতে পারছে না। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তাঁরা তৎপর।গতকাল সরেজমিনে দেখা যায়, নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা নদীর তীরে অপেক্ষা করছেন। নদীভাঙনের কবল থেকে দোকান সরিয়ে নিতে ব্যস্ত মাওয়ার দোকানিরা।