মাওয়ায় পদ্মা সেতু এলাকায় ভাঙন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় নদীর ভাঙন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আকস্মিক ভাঙনে সেতু নির্মাণ এলাকায় (কনস্ট্রাকশন ইয়ার্ড) প্রায় ১৫০ মিটার এলাকা পদ্মাগর্ভে বিলীন হয়ে যায়। তলিয়ে যায় সেতুর পাইলিং কাজের কিছু সরঞ্জাম। ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলা শুরু করেছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু নির্মাণের মাওয়া প্রান্তের প্রকল্প ব্যবস্থাপক আবদুল কাদির জানান, প্রবল স্রোতের তোড়ে বেলা তিনটার দিকে হঠাৎ ধসে পড়ে পদ্মার প্রায় ১৫০ মিটার (৪৬০ ফুট) এলাকা। এরপর দ্রুত সরিয়ে নেওয়া হয় নির্মাণকাজের সরঞ্জামাদি। ভাঙনের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রথম ভাঙন শুরু হওয়ার পর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিন দফার ভাঙন হয়। এতে সেতু নির্মাণ এলাকার প্রায় ৪৬০ ফুট এলাকা বিলীন হয়ে যায়। সাড়ে পাঁচটার পর পদ্মা সেতুর লোকজন ভাঙন রোধে সেখানে বালুর বস্তা ফেলা শুরু করেন।
লৌহজং থানার ওসি মো. খালেকুজ্জামান বলেন, পদ্মার পানি বৃদ্ধি পেলে এই সময়ে এখানে ভাঙন দেখা দেয়। এটা নতুন কিছু নয়। ভাঙনে সামান্য কিছু এলাকা বিলীন হলেও সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর কোম্পানির পক্ষে সেখানে প্রতিরোধ সৃষ্টি করার জন্য বালুর বস্তা ফেলা হয়।