মুন্সিগঞ্জের মাওয়ায় নতুন ফেরিঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় এখন ভাঙন-আতঙ্ক বিরাজ করছে। প্রচণ্ড স্রোতে আকস্মিক ভাঙন শুরু হয়েছে ৩ নম্বর রো রো ফেরিঘাট ও এর আশপাশের এলাকায়। গতকাল বুধবার রাত নয়টা পর্যন্ত সেখানে প্রায় এক হাজার ফুট এলাকার মধ্যে আরও ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ২ নম্বর ফেরিঘাটটিও। এ নিয়ে মাওয়ায় গত ২৪ ঘণ্টায় মোট ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেল।
রাত সাড়ে ১২টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘাট এলাকার ব্যবসায়ীরা তাঁদের বেশ কিছু দোকান সরিয়ে নিচ্ছেন।
গত মঙ্গলবার রাতে মাওয়ার ৩ নম্বর রো রো ফেরিঘাট পদ্মায় বিলীন হয়। গতকাল রাত পর্যন্ত এটি মেরামত বা সচল করা সম্ভব হয়নি। ফলে মাওয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নদীর ওপারেও একই পরিস্থিতি। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর থেকে কাওড়াকান্দি ঘাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে লেগে গেছে গাড়ির জট। দীর্ঘ সময় আটকে থেকে যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। কাওড়াকান্দি ঘাটে ট্রাকচালক মশিউর রহমান গতকাল বিকেল চারটায় বলেন, ‘দুই দিন ধরে ঘাটে অপেক্ষা করতেছি। কখন ফেরির সিরিয়াল পাব আল্লাহই জানে।’
নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়ায় যানবাহনের চাপও বেড়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়া ঘাটে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল সকালে মাওয়ায় ক্ষতিগ্রস্ত ফেরিঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাওয়ার ৩ নম্বর ফেরিঘাট মেরামত করার চেষ্টা করা হবে। এই সময়ের মধ্যে ২ নম্বর ঘাটকে রো রো ফেরিঘাট হিসেবে ব্যবহার করা হবে।
কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে এ ঘাট মেরামত সম্ভব নয়।
সরেজমিনে দেখা গেছে, মাওয়া চৌরাস্তা থেকে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের লাইন পড়ে গেছে। ১ নম্বর ও ২ নম্বর ফেরিঘাটেও রয়েছে বাস ও অন্যান্য গাড়ির দীর্ঘ সারি। বেলা সাড়ে ১১টার দিকে বাসযাত্রী শাহনাজ বেগম বলেন, ‘সকাল আটটা থেকে ফেরির জন্য অপেক্ষা করছি। কিন্তু আমাদের গাড়ি ফেরিতে উঠতে পারছে না। বাচ্চাকাচ্চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর সহ্য হচ্ছে না।’
ঢাকা থেকে খুলনার ডুমুরিয়াগামী ট্রাকচালক মো. মনির হোসেন বলেন, ৩ নম্বর ঘাট দিয়ে একসঙ্গে তিনটি ফেরি গাড়ি লোড ও আনলোড করতে পারে। সবচেয়ে বড় এ ঘাট দিয়ে ট্রাকসহ ভারী যানবাহনও চলাচল করে বেশি। এখন সেটাই বিলীন হয়ে যাওয়ায় যানজট পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। মাওয়া ঘাটে যানজটের কারণে ধলেশ্বরী সেতুতে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে।
মাওয়ায় ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা জানান, মঙ্গলবার রাত পৌনে আটটা থেকে ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যে ৩ নম্বর ফেরিঘাটের দুটি র্যাম্পের সংযোগস্থল বিলীন হয়ে যায়। একটি র্যাম্পের চেইন ছিঁড়ে নদীতে তলিয়ে যায়। ভেঙে যায় ছয়-সাতটি দোকান। এরপর গতকাল সকালে নদী আরও উত্তাল হয়ে উঠলে ভাঙনও তীব্রতর হয়। নদীতে ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মাওয়া ঘাটে বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুর রহমান বলেন, ‘আমরা ঘাটটি দ্রুত মেরামতের চেষ্টা করছি। আশা করছি, আগামীকাল (আজ) সকালের মধ্যে মেরামত করতে পারব। তবে রো রো ফেরিগুলো যাতে চলতে পারে সে জন্য ২ নম্বর ঘাটটিতে আরও একটি র্যাম্প বসানোর কাজ চলছে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, মাওয়ায় নতুন ফেরিঘাট স্থাপন করা হলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের চাপ কমে যাবে।
১৬টির মধ্যে আটটি ফেরি বন্ধ: মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মোট ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে রো রো ফেরিঘাট বন্ধ থাকায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ আলী ও আমানত শাহ ফেরি চলতে পারছে না। প্রচণ্ড স্রোতের কারণে বন্ধ রয়েছে আরও পাঁচটি। এগুলো হচ্ছে রায়পুরা, রানীক্ষেত, ঢাকা, কর্ণফুলী ও রানীগঞ্জ।
ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেই: নদীভাঙনে রো রো ফেরিঘাটসহ ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে গেলেও ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ দেখা যায়নি। এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএর প্রতিরোধব্যবস্থা গ্রহণ করার কথা।’ তবে বিআইডব্লিউটিএর সহকারী বন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান বলেন, ‘ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে নৌপরিবহন মন্ত্রণালয়। আমাদের ভাঙন প্রতিরোধের কাজ নয়।’