মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মায় নাব্যতা সংকটের কারণে ফেরি আটকে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় গতকাল শুক্রবার রাত আটটায় মাওয়া-কাওরাকান্দি-চরজানাজাত রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাক আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। মাওয়া ঘাটের পুলিশ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মাওয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি কাকলী পদ্মায় মাঝনদীতে আটকে যায়। এতে মাওয়া-চরজানাজাত ও মাওয়া-কাওরাকান্দি চ্যানেল বন্ধ হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে মাঝনদীতে কাকলী ফেরি আটকে পড়ায় এর বাসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এদিকে মাওয়া ঘাটে বাসের পাশাপাশি বিভিন্ন পণ্যবাহী অন্তত কয়েক শ ট্রাক আটকে আছে। এতে মাওয়া ঘাট থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) দেওয়ান লালন আহমেদ রাত ১১টায় জানান, কাকলী ফেরি আটকে চ্যানেল বন্ধ হয়ে যাওযায় ফেরি চলতে পারছে না। কয়েকটি ফেরি গাড়িসহ মাঝনদীতে গিয়ে ফিরে আসে।