মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল মঙ্গলবারও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এই নিয়ে টানা ছয় দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার প্রতিবাদে গতকাল দুপুরে মাওয়া ঘাটে লঞ্চমালিকেরা বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে লঞ্চমালিকদের মিছিলটি মাওয়া বন্দর পরিদর্শন করে। এ সময় তাঁরা শাহ পরান লঞ্চের মালিক ইয়াকুব বেপারীর বিরুদ্ধে স্লোগান দেন।মাওয়া ঘাটের বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে মালিক সমিতির পক্ষে মিছিল করা হয়। টানা ছয় দিন মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ চলাচল বন্ধ থাকায় এই পথে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দির উদ্দেশে লঞ্চ ছেড়ে না গেলেও মাঝিকান্দির উদ্দেশে লঞ্চ চলাচল করছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে শাহ পরান নামে একটি লঞ্চ মালিক সমিতির অনুমতি ছাড়া যাত্রী নিয়ে মাওয়া ঘাটে এলে লঞ্চ মালিক সমিতির লোকজন তাতে বাধা দেন এবং লঞ্চের মালিক ও সুকানিকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রতিবাদে শাহ পরান লঞ্চের মালিক ইয়াকুব বেপারী কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেন।