মাওয়ায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাওয়া ঘাটে পদ্মা নদীতে আজ সোমবার শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে গেছে। বেলা দুইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।

বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি শরীয়তপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া লঞ্চঘাটে যাচ্ছিল।

তবে বেলা ১টার দিকে মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা খালিদ হোসেন জানিয়েছিলেন ঘটনাস্থল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে লঞ্চটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, লঞ্চটি মাওয়া আসার পথে মাঝনদীতে ডুবে যায়। লঞ্চে ৪০০ থেকে ৫০০ জন যাত্রী থাকতে পারেন।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর টাগ-বোটের (একপ্রকার জাহাজ) সাহায্যে উদ্ধারকাজ চলছে। বেলা দেড়টার দিকে তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে যাচ্ছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জীবিত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চলছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কতজনকে উদ্ধার করা হয়েছে বা কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ১১০ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।