অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর পেট থেকে গজ বের করা মাকসুদা বেগমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার কথা বলেছেন।
মাকসুদার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
চিকিৎসকেরা বলেন, দুপুরে মাকসুদা কথা বলেছেন। তিনি আগের চেয়ে স্বাভাবিক আছেন। তাঁর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গত সোমবার তিনি চোখ মেলে তাকিয়েছেন। হাত-পা নেড়েছেন, কথা বললে সাড়া দিয়েছেন।
এদিকে মাকসুদার প্রথম অস্ত্রোপচার, পেটের ভেতর গজ রেখে দেওয়া, সাড়ে তিন মাস পর দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের মাধ্যমে গজ বের করা নিয়ে এবং মাকসুদা ‘মারা গেছেন’ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে এসব বিষয়ে বিভ্রান্তি দূর করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম।