অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর পেটের ভেতর থেকে গজ বের করা মাকসুদা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল সোমবার তিনি চোখ মেলে তাকিয়েছেন। হাত-পা নেড়েছেন, কথা বললে সাড়াও দিয়েছেন।
মাকসুদা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
চিকিৎসকেরা জানিয়েছেন মাকসুদার শারীরিক অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগছে। রোগীর স্বজনেরা সেই ওষুধ কিনতে পারছেন না। ওষুধের টাকা জোগাড় করতে না পেরে রোগীকে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন স্বজনেরা। এখন হাসপাতাল কর্তৃপক্ষ দেখভাল ছাড়াও ওষুধ সরবরাহ করছে।
এ ঘটনার ব্যাখ্যা জানাতে পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিক, পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এদিকে এ ঘটনা শুনে হতবাক হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি গত রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ওই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে।
হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘মন্ত্রীর আশ্বাসের কথা শুনেছি। হয়তো তিনি মন্ত্রণালয়কে এ ব্যাপারে নির্দেশনা দেবেন। আমরা রোগীর দেখভাল করছি। বর্তমানে রোগী ভালো আছে।’
মাকসুদার পরিবার জানায়, গত ২৯ মার্চ মাকসুদা পটুয়াখালীর বাউফল উপজেলার নিরাময় ক্লিনিকে অস্ত্রোপচার করান। সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। ওই সময় চিকিৎসক ভুল করে পেটের ভেতর গজ রেখে অস্ত্রোপচার শেষ করেন। কিছুদিন পর মাকসুদা পেটে ব্যথা অনুভব করেন এবং নানা সমস্যা দেখা দেয়। ১১ জুলাই মাকসুদা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। ১২ জুলাই তাঁর অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে গজ বের করা হয়। দীর্ঘদিন পেটের ভেতর গজ থাকায় তাঁর খাদ্যনালি ছিদ্র হয়ে গেছে। অবস্থার অবনতি হলে ১৯ জুলাই মাকসুদাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।