মাকসুদুল আলমকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার দাবি
পাটের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখাতে হবে। দেশি ও তোষা পাট এবং ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে মাকসুদুল আলম বাংলাদেশের জেনোম গবেষণাকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাঁর কাজকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই এই বিশ্বখ্যাত বিজ্ঞানীকে স্মরণ করতে হবে।
গতকাল মঙ্গলবার বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা এসব কথা বলেছেন। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এই সভার আয়োজন করে। সভায় মাকসুদুল আলমের বন্ধু, সহকর্মী ও পরিবারের সদস্যরা বক্তব্য দেন। বক্তারা মাকসুদুল আলমের নামে দেশে বিজ্ঞান শিক্ষার একটি প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাটের মৌলিক ও প্রায়োগিক গবেষণা প্রকল্পের জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক মনজুরুল আলম বলেন, মাকসুদুল আলমের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর দল কাজ করে যাবে। এ জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা মাকসুদুল আলম দিয়ে গেছেন।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক মাকসুদুল আলমের সঙ্গে শৈশবে একই স্কুলে পড়ার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শৈশব থেকেই মাকসুদুল আলম বিজ্ঞান আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়েন। সহপাঠীদের নিয়ে তাঁরা কয়েকজন একটি বিজ্ঞান ক্লাবও গঠন করেছিলেন। মাকসুদুল আলমের আবিষ্কার নিয়ে সংসদে ঘোষণা হয়েছে, অনেকে এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর মৃত্যুর এক সপ্তাহ হয়ে গেলেও এখন পর্যন্ত তাঁকে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয়নি।
আহছানিয়া মিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন মাকসুদুল আলমের নামে একটি বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম বলেন, জীবিত থাকাকালীন মাকসুদুল আলম প্রায় সময়ই চলে আসতেন এই হাসপাতালে। ডায়াবেটিস রোগ প্রতিরোধে গাছের শিকড় দিয়ে ওষুধ বানিয়ে তিনি এই হাসপাতালে গবেষণা করেছেন।
সভায় আরও বক্তব্য দেন বিজ্ঞান লেখক আলী ইমাম, গ. ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষক জহুরুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাকসুদুল আলমের ভগ্নিপতি মাহবুব আলম, ছোট ভাই মাহবুবুল আলম বাবু ও বড় বোন নিরু সামছুন্নাহার। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক হাসপাতালের সিইও ডা. আর এম সামিউল হাসান।