মাকসুদের জানাজায় নাসিম ওসমান ও শামীম ওসমান
আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও নারায়ণগঞ্জ জেলা সোমবার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল আমিন মাকসুদ ওরফে বরিশাইল্লা মাকসুদকে দাফন করা হয়েছে। গতকাল দুপুরের দিকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকার নবাব সলিমুল্লাহ সড়কে মাকসুদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শোকযাত্রাসহ মরদেহ মাসদাইর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। গতকাল দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়। এ সময় যান চলাচলও বন্ধ ছিল।জানাজার আগে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির নেতা নাসিম ওসমান, আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, মাকসুদের বড় ভাই রুহুল আমিন, ছেলে সোয়াদ বক্তব্য দেন।নাসিম ওসমান বলেন, ‘মাকসুদকে সন্ত্রাসী বানানো হয়েছে। সে সন্ত্রাসী নয়। খুন, ধর্ষণ, চাঁদাবাজি করলে সন্ত্রাসী হতে পারে। মাকসুদ এগুলো করেনি।’শামীম ওসমান বলেন, মাকসুদকে ইন্টারপোলের আসামি বানানো হয়েছে। জোট সরকারের আমলে মাকসুদসহ কয়েকজনের নাম ইন্টারপোলের তালিকায় তোলা হয়। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শামীম ওসমান অভিযোগ করেন, কিছু সাংবাদিক আমাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে বিশেষ মিশন নিয়ে মাঠে নেমেছে।এদিকে রোববার বিকেলে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের টেলিফোন করে সোমবার অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে জানাজায় যোগ দেওয়ার জন্য কে বা কারা চাপ দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। রাতের মধ্যেই শহরের চাষাঢ়া ও আশপাশের এলাকায় অসংখ্য কালো পতাকা লাগানো হয়।গতকাল মাকসুদের জানাজা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বক্তৃতা চলাকালে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এসব সড়কে ব্যবহারকারী লোকজন চরম দুর্ভোগে পড়ে।গত রোববার সকালে গাজীপুর সদরের পুবাইল ইউনিয়নের তালুটিয়া থেকে মাকসুদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। বিকেলে তাঁর মরদেহ নারায়ণগঞ্জ শহরের খানপুরের বাড়িতে পৌঁছে।