মাকুলির খুনিদের সহায়তা দেবেন না আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মাকুলি বেগমের (৩৫) হত্যাকারীদের আইনি সহায়তা দেবেন না আইনজীবীরা। মাকুলির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল বুধবার সকাল ১০টায় শহরের ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির নেতারা এ ঘোষণা দেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের পিরোজপুর জেলা শাখা ওই কর্মসূচির আয়োজন করে। এতে নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। এর আগে গত মঙ্গলবার সকালে পিরোজপুর মহিলা পরিষদের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে মানবাধিকার কমিশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন পোদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, উদীচীর সম্পাদক সাংবাদিক খালিদ আবু, কাউন্সিলর আনোয়ার কবির সিকদার, নিহত মাকুলি বেগমের মেয়ে সুমি আক্তার প্রমুখ।
আলাউদ্দিন খান ও দেলোয়ার হোসেন মাকুলির খুনিদের আইনি সহায়তা দেবেন না বলে সমাবেশে ঘোষণা দেন। পরে আলাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘এ নির্মম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনি সহায়তা না দেওয়ার জন্য আমি সব আইনজীবীর সঙ্গে আলোচনা করব।’