সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩১তম সাক্ষী আজহারুল হক৷ জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনীর সদস্যরা তাঁর মাকে পিটিয়ে আহত করে ও ভাগনেকে হত্যা করে৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজহারুলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত৷ জবানবন্দিতে আজহারুল বলেন, তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুরে৷ একাত্তরের ১৫ নভেম্বর তাঁদের গ্রামসহ আশপাশের ২২টি গ্রামে পাকিস্তানি সেনারা ও কায়সার বাহিনীর সদস্যরা হামলা চালায়৷ তারা শতাধিক ব্যক্তিকে হত্যা এবং প্রায় ৪০০ বাড়িতে হামলা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে৷ বিকেলে কায়সার বাহিনীর সদস্যরা চলে গেলে তিনি বাড়ি ফিরে মাকে আহতাবস্থায় পান৷ মা তাঁকে জানান, কায়সার বাহিনীর সদস্যরা তাঁকে রাইফেল দিয়ে পিটিয়ে আহত করেছে এবং ভাগনে আজিজুল হককে হত্যা করেছে৷