মাকে কাছে পেতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফ (৭) ও সোনিয়া (৫) দুই ভাইবোন। বরগুনার তালতলী থানার প্রত্যন্ত তালুকদারপাড়া গ্রামের এই শিশু দুটি জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। তাদের মা সম্প্রতি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। বাবা-ভাইও পলাতক। মা-বাবার জন্য তারা কান্নাকাটি ও ছোটাছুটি শুরু করলে আত্মীয়রা তাদের পায়ে রশি বেঁধে দেন। বাড়ির উঠানে খোলা জায়গায় একটি খুঁটির সঙ্গে দুই ভাইবোনকে বেঁধে রাখা হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে এভাবেই কাটছে তাদের সময়।প্রতিবেশীরা জানিয়েছেন, শিশু দুটির খালা জোহরা ও দৃষ্টিপ্রতিবন্ধী নানি ফুলবরু তাদের দেখাশোনা করছেন। পরিবারের উপার্জনক্ষম কেউ এই মুহূর্তে কাছে না থাকায় তারা ঠিকমতো খাবার পায় না। আশপাশের কেউ কিছু দিলে খায়, নইলে উপোসই কাটাতে হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ২২ জুলাই তালুকদারপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল কালামের (৩৫) স্ত্রী বাদী হয়ে তালতলী থানায় কৃষক শাহ আলম, তাঁর স্ত্রী এলাচি বেগম ও ছেলে আল আমিনকে (১৪) আসামি করে একটি মামলা করেন। এলাচি বেগমকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। শাহ আলম ও আল আমিন সেই দিন থেকেই পলাতক।আরিফ ও সোনিয়ার খালা জোহরা জানান, মা-বাবাকে কাছে না পেয়ে শিশু দুটি অস্থির হয়ে উঠেছে। কান্নাকাটি করে। ঘরে থাকতে চায় না। তারা পুকুর-খালে পড়ে যেতে পারে—এই আশঙ্কায় তাদের বেঁধে রাখা হয়েছে। প্রতিবেশী গৃহবধূ মাতেজেন রাখাইন জানান, ওই ঘটনার দিন থেকে শিশু দুটি পেটভরে খেতে পারছে না। প্রতিবেশীরা যা দেয় তাই খায়।মামলার তদন্ত কর্মকর্তা তালতলী থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি আল আমিন ও এলাচি বেগমকে আসামি করতে দিতে চাইনি। কারণ আল আমিন অপ্রাপ্তবয়স্ক। তা ছাড়া সে ঘটনাস্থলেও ছিল না। হত্যাকাণ্ডে এলাচি বেগমের জড়িত থাকার তথ্য-প্রমাণও অস্পষ্ট। বাদীপক্ষের চাপে তাঁদের আসামি করা হয়েছে।’মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বরগুনা জেলা সভাপতি আবদুল মোতালেব মিয়া বলেন, এটি একটি অমানবিক ঘটনা। সরকারের উচিত শিশু দুটির পরিচর্যার দায়িত্ব নেওয়া। খোঁজখবর নিয়ে শিশু দুটির পরিচর্যায় সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।