মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. মঈদুল ইসলাম এ রায় দেন।

দণ্ড পাওয়া আসামি হলেন সিলেটের জৈন্তাপুরের পানিছড়া গ্রামের ফয়জুর রহমান। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফয়জুর বর্তমানে পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ১২ মার্চ ফয়জুর তাঁর মা মোছা. ছিদ্দিকা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ফয়জুরের বাবা মো. আবদুল খালিক বাদী হয়ে ফয়জুরকে একমাত্র আসামি করে জৈন্তাপুর থানায় হত্যা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ২৮ জুন ফয়জুরকে অভিযুক্ত করে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাদশাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ফয়জুরকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দেন।