মাকে খুঁজছে গৌরব

৩০ মাস বয়সী গৌরব মহন্তের উচ্চারণ এখনো অস্পষ্ট। সবার কাছে জানতে চায়, তার মা কোথায়। কিন্তু স্বজনেরা নিরুপায়। তাঁরা বলছেন, মা ভগবানের কাছে গেছে।
গৌরবের মা গৌরী রানি মহন্ত (২৩) রাস্তার পাশে ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে পড়ে গিয়ে দগ্ধ হয়ে আজ বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গত ২০ মার্চ স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন এলাকার বাসিন্দা গৌরী রানি। পথে দ্রুতগামী একটি ট্রলির জন্য সরতে গিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা চালকলের ছাইয়ে পড়ে যান তিনি। ছাইয়ে আগুন থাকায় দগ্ধ হন ওই গৃহবধূ। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কুঞ্জবন এলাকার বাসিন্দা গৌতম কুমার মহন্তের দুই মেয়ে। বড় মেয়ে গৌরী রানির বিয়ে হয় জেলার বদলগাছী উপজেলায় বছর চার আগে। আর ছোট মেয়ে ঝুমু মহন্তের তিন বছর আগে বিয়ে হয়। এরপর তিন বছর ধরে অসুস্থ মা-বাবাকে দেখাশোনার জন্য গৌরী তাঁর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। তাঁর স্বামী সন্তোষ চন্দ্র মহন্ত শ্বশুরের যন্ত্রাংশের দোকান দেখাশোনা করেন। গৌরীর বাবা পেশায় একজন সংবাদকর্মী। তিনি দৈনিক ভোরের কাগজের মহাদেবপুর প্রতিনিধি। গৌতম কুমার দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছেন। তাঁর স্ত্রী পুষ্পা রানি মহন্তও অসুস্থ।
গৌরীর স্বামী সন্তোষ কুমার বলেন, ‘গত ২০ মার্চ বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে আমার স্ত্রী মহাদেবপুর বাজারে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে দগদগে ছাইয়ে পড়ে তাঁর শরীরের অধিকাংশ পুড়ে যায়। আমার ছোট্ট ছেলে মায়ের জন্য কান্নাকাটি করছে। তাকে কীভাবে মানুষ করব, তা বুঝতে পারছি না।’
নিহত গৌরীর বাবা গৌতম কুমার মহন্ত বলেন, ‘মানুষের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড আমার মেয়ের প্রাণ নিল। আমি মানুষের কাছে বিচার চাইনি। আমি বিচার চেয়েছি ভগবানের কাছে। চালকল মালিকেরা যেন সচেতন হয়।’
জানতে চাইলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত নারীর স্বজনেরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘নিহত নারীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ের জন্য ইতিমধ্যে চালকল মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি চালকল মালিকদের আগামী এক মাসের মধ্যে রাস্তার পাশের ছাই সরিয়ে নিতে সময়সীমা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘নিহত নারীর বাবা গৌতম কুমার এ ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে নিয়েছেন। তবে তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।’