মাকে খুঁজছে ফাতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমা
ফাতেমা

ফাতেমার বয়স সাত মাস। ক্ষুধা পেলে কান্নাকাটি করে। খাবার পেলে খেলাধুলা করে। মন খারাপ হলে চুপ করে থাকে। এদিক-ওদিক তাকাতে থাকে। কাকে যেন খুঁজে ফেরে।

হ্যাঁ, পুলিশ খুঁজছে ফাতেমার মাকে। কিন্তু ফাতেমাকে নিজের করে নেওয়ার জন্য ঢাকার একটি আদালতে আবেদন করেছেন এক নিঃসন্তান দম্পতি। ফাতেমা এখন আছে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে।

৯ জুলাই জর্ডান থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন শিশুটির মা। তাঁর সহযাত্রী ছিলেন স্বপ্না নামের এক নারী। বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে তিনি বের হন। ব্যাগপত্র আনার কথা বলে ফাতেমাকে স্বপ্নার কোলে রেখে যান তিনি। সেই যে ফাতেমার মা গেলেন, আর এলেন না। এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করেন স্বপ্না। বিমানবন্দরের সামনে অপেক্ষা করেন প্রায় তিন ঘণ্টা। কিন্তু তাঁকে না পেয়ে ছোট্ট ফাতেমাকে নিয়ে যান নিজের বাসায়। স্বপ্না পরদিন আসেন বিমানবন্দরের এপিবিএন পুলিশ কক্ষে। সেখানে দিয়ে যান ফাতেমাকে। পরে পুলিশ তাকে নিয়ে আসে ভিকটিম সাপোর্ট সেন্টারে। ফাতেমার গায়ের রং উজ্জ্বল ফরসা। মাথার চুল কোঁকড়ানো।

ফাতেমাকে নিরাপদ হেফাজতে রাখার আবেদনকারী পুলিশ কর্মকর্তা এসআই মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ফাতেমার মাকে খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাকে নিরাপদ হেফাজতে রাখার জন্য আবেদন করা হয়েছে। আদালতের আদেশে সে আছে সাপোর্ট সেন্টারে।

ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী কমিশনার (এসি) জাকিয়া নুসরাত। তিনি প্রথম আলোকে বলেন, ফাতেমা অনেক বুদ্ধিমান। তার চারটি দাঁত উঠেছে। মা, বাবা ডাকতে পারে না। তবে ‘আও আও’ করে। খেলার সময় খুব খুশি থাকে। কার্টুনও দেখে। নুসরাত আরও বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে ফাতেমাকে এখন সবাই চেনে। দুজন নারী তাকে সার্বক্ষণিক দেখাশোনা করে। তারা ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেয়।

ফাতেমার মা কেন ফেলে চলে গেছেন কিংবা কোথায় আছেন, সে সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। তবে স্বপ্না নামের সেই নারীর সঙ্গে কথা হয়েছে। ওই নারী থাকেন জয়দেবপুরে। তিনি জ্বরে আক্রান্ত। তিনি সুস্থ হলে ফাতেমার মায়ের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এসি জাকিয়া নুসরাত বলেন, ফাতেমার মাকে খুঁজে বের করতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। স্বপ্না সুস্থ হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি বলেন, ফাতেমাকে নেওয়ার জন্য ঢাকার শিশু আদালতে আবেদন করেছেন এক দম্পতি। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হলেও কোনো সন্তান হয়নি। আদালতের পেশকার এনামুল হক প্রথম আলোকে বলেন, বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফাতেমাকে নিজেদের জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেছেন।