মাকে খুঁজে পায়নি আবির বাবাকে পেল আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির হোসেন আবির
মনির হোসেন আবির

মায়ের স্নেহ, আদরের আশায় বগুড়া থেকে ঢাকায় ছুটে এসেছিল কিশোর আবির। কিন্তু মাকে পায়নি। পেয়েছে বাবাকে আদালতে। হতাশ হয়েই ১৪ বছরের আবিরকে ফিরে যেতে হচ্ছে আগের জীবনে। বাবা তাকে ফিরিয়ে নিতে আসেন। আদালতও আবিরকে বাবার কাছে দেওয়ার নির্দেশ দেন।
‘ঢাকায় এসে মাকে খুঁজে পেল না কিশোর’ শিরোনামে ২৭ জুন প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন দেখে আবিরকে নিতে আসেন তার বাবা আবদুল মান্নান (৪০)। গতকাল বুধবার বেলা আড়াইটায় ঢাকা জজকোর্টে অবস্থিত শিশু আদালত বাবার কাছে আবিরকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
এর আগে সকালে আবিরের বাবা ছেলেকে জিম্মায় নেওয়ার জন্য শিশু আদালতে আবেদন করেন। প্রথম আলোকে তিনি বলেন, প্রথম আলো পত্রিকায় ছেলের ছবি ও সংবাদ দেখে তিনি ঢাকায় এসে থানায় যোগাযোগ করেন। থানা থেকে তাঁকে জানানো হয়, আবিরকে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে। সেখান থেকে আজ (গতকাল) আদালতে আনা হবে। এ খবর পেয়েই তিনি আদালতে আসেন। আদালতের কাছে আবেদন করেন ছেলেকে ফিরে পাওয়ার জন্য।
এ ব্যাপারে সরকারি কৌঁসুলি শাহাবুদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘যেহেতু বাবা নিতে এসেছেন, তাই আদালতের কাছে আমরা ছেলেকে বাবার জিম্মায় দিতে বলি। আদালত বেলা আড়াইটায় শুনানি শেষে আবিরকে তার বাবার কাছে দেওয়ার নির্দেশ দেন।’ আবদুল মান্নান দাবি করেন, পাঁচ বছর আগে তাঁর স্ত্রী (আবিরের মা) তাঁকে ছেড়ে যান। এরপর স্ত্রীর সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ নেই। এদিকে আদালতে বাবাকে দেখে খুশি হলেও মাকে ফিরে পাওয়ার আকুতি ঝরছিল আবিরের কণ্ঠে। আদালতে আবির প্রথম আলোকে বলেছে, সে তার মায়ের অভাব অনুভব করে সব সময়। মাকে দেখতে মন চায়। মায়ের কাছে থাকতে ইচ্ছা করে।
এর আগে গত শনিবার শেরেবাংলা নগর থানায় আবির প্রথম আলোকে জানায়, তার পুরো নাম মনির হোসেন। বাবার নাম আবদুল মান্নান। মায়ের নাম দুলালি বেগম। বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম উত্তরপাড়ায় তার বাড়ি। সাবগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সে সপ্তম শ্রেণিতে পড়ে। তার মা ছেড়ে আসার পর তার বাবা আবার বিয়ে করে নতুন সংসার শুরু করেন। নিজের মা-ও বিয়ে করেন ঢাকায়। এক বছর আগে ফোনে মায়ের সঙ্গে তার যোগাযোগ হয়। তখন সে তার মাকে জানায়, সৎমা তাকে নির্যাতন করেন। সে আর বাবার সঙ্গে থাকবে না। এরপর থেকে মায়ের সঙ্গে প্রায়ই তার ফোনে কথা হতো। গত শুক্রবার তার মা তাকে ঢাকার ফার্মগেটে আসতে বলেন। মায়ের কথামতো শনিবার বিকেলে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটে মায়ের জন্য অপেক্ষা করে। কিন্তু মায়ের মুঠোফোন বন্ধ পায় ছেলেটি। এরপর আর মায়ের মুঠোফোন খোলা পায়নি। একপর্যায়ে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় বাসায় ঘুরে মাকে খুঁজতে থাকে। পূর্ব রাজাবাজারের বাসিন্দা শহীদুল হক নামের এক ব্যক্তি আবিরকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যান। গত রোববার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ আবিরকে আদালতে হাজির করে প্রতিবেদন জমা দেওয়ার পর ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন আবিরকে টঙ্গীর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দেন।