মাকে খুনের পর পুত্রের থানায় আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানায় এসে গতকাল সন্ধ্যায় এক যুবক (২৮) বললেন, ‘আমি আমার মাকে খুন করে লাশ ঘরে তালা দিয়ে এসেছি।’ যুবকের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে পড়েন পুলিশ কর্মকর্তারা। পরে তাঁকে আটক করা হয়। যুবকের বর্ণনা অনুযায়ী পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে উদ্ধার করা হয় মা রোখসানা মোগলের (৪৮) মৃতদেহ। এদিকে রাজধানীর বনানীর একটি বাসায় নাসরিন আক্তার (৫৩) নামের এক গৃহকর্ত্রী খুন হয়েছেন। পুলিশের ধারণা, গৃহকর্মী লিজা (২২) তাঁকে খুন করে পালিয়ে গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মিরপুর থানা সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ছেলে হাবিব মোগলের হাতে খুন হয়েছেন মা রোখসানা মোগল। রোখসানা মোগলের স্বামী আতাহার মোগল বেসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা। খুনি হাবিবও গত বছর আইনে স্নাতক পাস করেছেন।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, হাবিব মোগল ইট দিয়ে মায়ের মাথা থেঁতলে তাঁকে খুন করেছেন। তাঁর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, হাবিব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাঁর কথা শোনার পর পুলিশ ১৩৫ পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে রোখসানার লাশ উদ্ধার করতে ওই বাসায় যায়। ততক্ষণে হাবিবের বাবা আতাহার মোগলও বাসায় পৌঁছান। তাঁর সহায়তায় তালা খুলে দোতলার ফ্ল্যাট থেকে রোখসানার লাশ উদ্ধার করা হয়। থানা হেফাজতে থাকা হাবিব প্রথম আলোকে বলেন, মায়ের রান্না খাওয়ার পরই তিনি দুর্বল বোধ করতেন। তাঁর ধারণা, মা রান্নার সময় কিছু মিশিয়ে দিতেন। সেই রাগেই তিনি তাঁর মাকে খুন করেছেন। বাবা আতাহার মোগল জানান, অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই হাবিবের একটি আবেগজনিত মানসিক রোগ (বাইপোলার মুড ডিজঅর্ডার) ধরা পড়ে। ছয় মাস ধরে সে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। গৃহকর্ত্রী খুন: গতকাল বনানীর ২৭ নম্বর সড়কের ৭ নম্বর বাসার দোতলার ফ্ল্যাট থেকে নাসরিন আক্তারের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, গতকাল সন্ধ্যার দিকে পুলিশ নাসরিনের লাশ উদ্ধার করে। ওই বাসাটিতে গৃহকর্মী লিজাকে নিয়েই ছিলেন নাসরিন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লিজাই তাঁর গলা কেটে পালিয়েছেন।নাসরিনের স্বজনেরা জানান, তাঁর স্বামী শামস চৌধুরী পেশায় চিকিৎসক। তিনি বর্তমানে বিদেশ সফরে রয়েছেন।