মাকে চিনবে শিশু দুটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামা-কাপড় পরে ঘরের বারান্দায় বসে আছে শিশু দুটি। মাকে একনজর দেখতে ঢাকায় নেওয়া হবে তাদের। কিন্তু ৩৮ টুকরা হওয়া মায়ের লাশটি তারা চিনবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। শিশু দুটিরও মনে প্রশ্ন, ‘মাকে দেখতে পারব তো?’

শিশু দুটির মধ্যে বোন ঊর্মি বড়। সপ্তম শ্রেণিতে পড়ে। তার ছোট ভাই তামিমের বয়স সাত বছর। পড়ে দ্বিতীয় শ্রেণিতে। ঢাকার আশুলিয়ার জামগড়ায় একটি বাসায় ড্রাম থেকে ১ সেপ্টেম্বর রাতে তাদের মা তাসলিমা আক্তারের (৩২) ৩৮ টুকরা করা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহের বাগডাঙ্গা গ্রাম থেকে গত শুক্রবার মুকুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি তাসলিমার স্বামী মজিবর রহমানের বন্ধু। তাঁর মাধ্যমেই তাসলিমার পরিচয় শনাক্ত হয়েছে। মজিবর রহমান পলাতক বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর উপজেলার নইহাটি গ্রামে গতকাল রোববার সকালে তাসলিমার বাবা তক্কেল মণ্ডলের বাড়ি গিয়ে দেখা যায়, নানি রাবেয়া খাতুন ও এক মামা হাফিজুর রহমানের সঙ্গে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঊর্মি ও তামিম।

তাসলিমার মা রাবেয়া খাতুন বলেন, প্রায় ১৪ বছর আগে খাজুরা গ্রামের বাবুল হোসেনের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। কিন্তু বাবুল নেশাগ্রস্ত হওয়ায় ঊর্মির জন্মের পরপরই ওই সংসার ভেঙে যায়। এরপর ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ নেন তাসলিমা। সেখানে সাহেব আলী নামে পুলিশের এক সদস্যের সঙ্গে বিয়ে হয় তাঁর। জন্ম হয় ছেলে তামিমের। কিন্তু এ সংসারও ভেঙে যায়।

রাবেয়া খাতুন বলেন, মজিবরের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। প্রায়ই তাঁদের ঝগড়া হতো। আলাদা হয়ে গেলেও পরে আবার একসঙ্গে বাসা নেন তাঁরা। ছেলে-মেয়ে দুটো মায়ের মুখ দেখতে পারবে কি না, দেখলেও সে মুখ চিনতে পারবে কি না, তা নিয়ে রাবেয়াও সংশয় প্রকাশ করলেন।