মাকে জবাই করে হত্যার চেষ্টা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে মাকে জবাই করে হত্যাচেষ্টার দায়ে ছেলে দিদার আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার বেলা ১১টায় কোদালা বিটের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কোদালা বিটের উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম জানান, দিদার আলম গতকাল সকালে ধারালো ছুরি দিয়ে জবাই করে তাঁর মা রাবেয়া বেগমকে হত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে বড় ভাই জাকারিয়ার অভিযোগের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করে। রাবেয়া বেগম রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, দিদার দুই বছর ধরে পরিবারের সবার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছেন। মদ, গাজা সেবন করে তিনি প্রায় সময় ভাইবোন ও তাঁকে জবাই করে প্রাণে মারার হুমকি দেন। গতকাল সকাল নয়টায় হঠাৎ দিদার রাবেয়া বেগমকে মাটিতে চেপে ধরে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করেন। ধস্তাধস্তির পর ছাড়া পেয়ে পালানোর সময় হোঁচট খেয়ে পড়লে ডান হাত ভেঙে যায়। ফলে বড় ছেলে মো. জাকারিয়া থানায় অভিযোগ করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়ায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়।