মাকে জবাই শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকার একটি বাড়ি থেকে গতকাল বুধবার সকালে ঝর্না আক্তার (২০) নামের এক গৃহবধূ ও তাঁর কন্যাশিশু সাবিহার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সাদেকুর রহমান পলাতক।গৃহবধূকে জবাই ও শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানিয়েছেন। ঝর্না আক্তারের মা কোহিনূর বেগম দাবি করেন, যৌতুকের টাকা না পেয়ে ঝর্নার স্বামী সাদেকুর রহমান তাঁর মেয়ে ও নাতনিকে খুন করেছেন। হত্যাকাণ্ডের পর থেকে সাদেকুর রহমান পলাতক।কোহিনূর বেগম সাংবাদিকদের বলেন, সাদেকুর ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। কিছুদিন ধরে তিনি ৬০ হাজার টাকা যৌতুক দাবি করছিলেন। কিন্তু তাঁদের পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়। এর পর থেকে ঝর্নার সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গত মঙ্গলবার রাতেও ঝগড়া হয়।ওই বাড়ির একজন ভাড়াটিয়া জানান, মঙ্গলবার রাতে তাঁরা সাদেকুর ও ঝর্নার ঝগড়ার শব্দ শুনেছেন। গতকাল বুধবার সকালে তাঁরা সাদেকুরের কক্ষের দরজা খোলা পেয়ে খোঁজ নিতে গিয়ে দেখেন, ঘরে ঝর্নার জবাই করা লাশ। আর শিশুটির নিথর দেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে কোহিনূর বেগমসহ অন্য আত্মীয়রা ছুটে আসেন।