মা আমেনা খাতুনকে দেখতে ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার কথা ছিল ইমাম আলাউদ্দিন আখুঞ্জির। পাশাপাশি বড় ছেলে ফয়েজ উদ্দিনকেও বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু মাকে দেখা, ছেলের বিয়ে দেওয়া কোনোটিই হলো না।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় গত শনিবার গুলিতে নিহত হয়েছেন আলাউদ্দিনসহ দুজন। দুজনই বাংলাদেশি নাগরিক। আলাউদ্দিনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামে। নিহত অপরজন তারা উদ্দিনের বাড়ি সিলেটে।
আলাউদ্দিন আখুঞ্জি যুক্তরাষ্ট্রের কুইন্সে ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদে ইমামতি করতেন। তিনি দুই বছর আগে যুক্তরাষ্ট্রে যান। পরে স্ত্রী মিনারা আক্তার এবং চার ছেলে ও এক মেয়েকে সেখানে নিয়ে যান।
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে হবিগঞ্জ শহরে বেশ কয়েকটি মসজিদে ইমামতি করেন আলাউদ্দিন। শহরের শায়েস্তানগর আবাসিক এলাকায় তাঁর পাঁচতলা একটি ভবন আছে। বড় ছেলে ফয়েজ উদ্দিন সেখানে থাকেন। তিনি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘শনিবার রাত একটার দিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বোনজামাই মিঠু মুঠোফোনে আমাকে বাবার মৃত্যু খবর জানান। অসুস্থ দাদিকে দেখতে বাবা অনেক দিন ধরে দেশে আসার চেষ্টা করছিলেন। আগামী ৩১ আগস্ট বাবা-মা ও ছোট ভাই দেশে আসার কথা ছিল। বিমানের টিকিটও বুকিং দেওয়া হয়েছিল।’
আত্মীয়রা বলেন, আট বছর আগে আলাউদ্দিন আখুঞ্জির বড় মেয়ে জান্নাতুন নাইয়ানের বিয়ে হয় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিকের কাছে। এই সুবাদে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হয় আলাউদ্দিনের। পরে স্ত্রী-সন্তানদের সেখানে নিয়ে যান।
গতকাল সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকায় আলাউদ্দিন আখুঞ্জির বাসায় গিয়ে দেখা যায় আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন সেখানে ভিড় করেছেন। হবিগঞ্জ শহরের গাউছিয়া জামে মসজিদের পেশ ইমাম আশরাফুল ওয়াদুদ বলেন, আলাউদ্দিন একজন ইসলামিক চিন্তাবিদ ও ভালো মানুষ ছিলেন। তিনি হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ইমামতি করেন।
আলাউদ্দিন আখুঞ্জিকে হত্যার প্রতিবাদে হবিগঞ্জ শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা আসরের নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বিচার দাবি করেন।
প্রথম আলোর সিলেট প্রতিনিধি জানান, নিহত তারা উদ্দিন প্রায় পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। গ্রামে তাঁর নিকটাত্মীয় কিংবা পরিবারের কোনো সদস্যই থাকেন না। পরিবারসহ তারা উদ্দিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
স্থানীয় লক্ষ্মীপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামিল আহমদ প্রথম আলোকে বলেন, তারা উদ্দিনের ভাইয়েরা প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। ভাইদের মাধ্যমেই তারা উদ্দিন প্রায় পাঁচ বছর আগে স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান।