মাকে দেখতে সিলেট এসে আরিফুল হকও হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১৫ মাস পর কারামুক্ত হয়ে গতকাল সিলেটের এক হাসপাতালে চিকিৎ​সাধীন মাকে দেখতে আসেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। ছবিটি বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো
প্রায় ১৫ মাস পর কারামুক্ত হয়ে গতকাল সিলেটের এক হাসপাতালে চিকিৎ​সাধীন মাকে দেখতে আসেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। ছবিটি বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর অসুস্থ মা আমেনা খাতুনকে দেখতে এসে নিজেও হাসপাতালে ভর্তি হয়েছেন। উচ্চ আদালত থেকে ১৫ দিনের জামিন হওয়ায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিলেট নিয়ে আসা হয়।
নগরের মিরবক্সটুলা এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন মাকে এক নজর দেখার পর আরিফুলকে চিকিৎসকের পরামর্শে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় অভিযুক্ত হয়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আরিফুল কারাবন্দী হন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আরিফুলের কারাবন্দী থাকা অবস্থায় তাঁর মা আমেনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। একমাত্র ছেলে আরিফুলকে এক নজর দেখার আকুতি জানাচ্ছিলেন তিনি। মা-ছেলের সাক্ষাতের জন্য উচ্চ আদালতে আরিফুলের জামিন প্রার্থনা করা হলে ২২ মার্চ হত্যা মামলায় ও ২৭ মার্চ বিস্ফোরক মামলায় ১৫ দিনের জামিন মঞ্জুর হয়। আরিফুল ১৫ দিনের জামিনে মুক্ত হয়ে হাসপাতালে আসছেন—এমন খবরে সকাল থেকে মিরবক্সটুলার ওই হাসপাতালকে ঘিরে বিএনপিদলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ভিড় ছিল। বেলা ১১টায় আরিফুল হাসপাতালে গিয়ে মায়ের শয্যাপাশে যান। বার্ধক্যজনিত রোগাক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন। আরিফুল মায়ের শয্যাপাশে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে আরিফুল সাংবাদিকদের বলেন, ‘সিলেট নগরবাসী আমাকে তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছিলেন। কিন্তু আমি ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছি। আমি যথাসাধ্য চেষ্টা করেও নগরবাসীর সেবক হিসেবে থাকতে পারিনি। আজ আমি কিছুদিনের জন্য মুক্ত হয়েছি। আমার অসুস্থ মাকে দেখতে পেরেছি, এটাই আমার এখনকার সান্ত্বনা।’
শারীরিকভাবে অসুস্থতার কথা জানিয়ে আরিফুল বলেন, ‘আমি মোটেও সুস্থ নই, গুরুতর অসুস্থ। আদালতের নির্দেশেই চিকিৎসাধীন অবস্থায় আছি। চিকিৎসকেরা আমাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে আমার এ অবস্থায় আমি দৃঢ়ভাবে বলছি যে, যে মামলায় আমাকে জড়ানো হয়েছে, সেটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমি মেয়র না হলে মামলায় জড়ানো হতো না। আমি মুক্ত হয়ে আবারও সিলেটবাসীর মাঝে আসতে চাই, জীবনের শেষ সময়টুকুও আমি সিলেটবাসীর জন্য উৎসর্গ করতে চাই।’