পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী ও শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৩ ডিসেম্বর তাঁর মাকে আলবদররা ধরে নিয়ে যাওয়ার সময় চৌধুরী মুঈনুদ্দীন উপস্থিত ছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সুমন জাহিদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে সুমন জাহিদ বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল আট বছর। তখন তাঁর মা শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সাপ্তাহিক ললনার বিজ্ঞাপন বিভাগে কাজ করতেন। তিনি সম্পাদক ও প্রকাশক হিসেবে শিলালিপি নামের একটি পত্রিকা বের করতেন। এ ছাড়া দৈনিক ইত্তেফাক, দৈনিক পূর্বদেশ, সাপ্তাহিক ললনা ও বেগম পত্রিকায় প্রায়ই তাঁর মায়ের লেখা প্রকাশিত হতো। তাঁর মা একাত্তরে বিখ্যাত সাংবাদিক ছিলেন না, তার পরও তিনি আলবদরদের হাতে নিহত হওয়ার কারণ, তাঁর প্রকাশিত শিলালিপিতে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবীত কবি, সাহিত্যিকেরা লিখতেন। তাঁদের মধ্যে ছিলেন মুনীর চৌধুরী, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, আ ন ম গোলাম মোস্তফা প্রমুখ। রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, একাত্তরের ১৩ ডিসেম্বর বেলা দেড়টার দিকে তিনি ও তাঁর উজির মামা নিউ সার্কুলার রোডের (বর্তমানে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক) বাসার ছাদে ছিলেন। তাঁর মা ওই সময় রান্না করছিলেন। এ সময় তাঁরা বাসার সামনে একটি কাদা মাখানো মাইক্রোবাস ও জিপ থামতে দেখেন। কিছুক্ষণ পর বাড়ির দরজার কড়া নাড়ার শব্দ হয়। বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দা আওয়ামী লীগের তৎকালীন সাংসদ কামরুল ইসলাম সৈয়দ সালাউদ্দিন দরজা খুলে দিলে আগন্তুকেরা তাঁর মায়ের খোঁজ করে। সাংসদ তাঁদের বাসা দেখিয়ে দিলে তারা তাঁকে তাঁর বাসার দরজা বন্ধ করে ভেতরে যেতে বলে। এরপর আগন্তুকেরা তাঁদের বাসার দরজার কড়া নাড়লে মা দরজা খুলে দেন। এ সময় তিনি ও উজির মামা ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় আগন্তুকদের একজন বন্দুক উঁচিয়ে বলে, ‘হ্যান্ডস আপ’। তাঁরা নিচে নামার পর তিনি মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকেন। আগন্তুকেরা তাঁর মাকে তাদের সঙ্গে যেতে বলে ও মায়ের সঙ্গে থাকা গামছা দিয়ে তাঁর চোখ বেঁধে ও আগন্তুকদের সঙ্গে থাকা মাফলার দিয়ে তাঁকে পিঠমোড়া করে বেঁধে গাড়িতে তোলে।
সুমন জাহিদ আরও বলেন, একাত্তরের ১৭ ডিসেম্বর শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ভাই শমসের চৌধুরীর মাধ্যমে তাঁর সেজ মামা ও উজির মামা জানতে পারেন, তাঁর মায়ের লাশ রায়েরবাজার বধ্যভূমিতে পড়ে আছে। পরদিন তাঁরা গিয়ে মায়ের লাশ শনাক্ত করে নিয়ে এসে আজিমপুর কবরস্থানে দাফন করেন। তিনি বলেন, তাঁর মায়ের গ্রামের বাড়ি ছিল ফেনীতে। তাঁর মামা সাহাবউদ্দিন ছাত্র ইউনিয়ন করতেন। চৌধুরী মুঈনুদ্দীনও ফেনীর বাসিন্দা এবং তিনি ইসলামী ছাত্রসংঘ (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন) করতেন ও পূর্বদেশ পত্রিকায় চাকরি করতেন। তাঁর মামা সাহাবউদ্দিনের সঙ্গে মুঈনুদ্দীনের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মুঈনুদ্দীন তাঁর মাকে বুবু বলে ডাকতেন, তাঁদের ঢাকার বাসার ঠিকানাও জানতেন। দেশ স্বাধীন হওয়ার পর মুঈনুদ্দীনের ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হলে উজির মামা তাঁকে দেখিয়ে বলেন, মাকে ধরে নিয়ে যাওয়ার সময় এ লোকটিও (মুঈনুদ্দীন) ছিল।
রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, একাত্তরে রায়েরবাজার বধ্যভূমি থেকে জীবিত পালিয়ে আসা দেলোয়ারের সঙ্গে ১৯৯৬ সালে তাঁর দেখা হয়। দেলোয়ার তাঁকে বলেন, তাঁর মাকে ধরে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মাকে নির্যাতন ও হত্যার ঘটনাও জানান তিনি। দেলোয়ারের বক্তব্য ও বিভিন্ন সূত্র থেকে তিনি জানতে পারেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ মুঈনুদ্দীন ও আলবদর সদস্য আশরাফুজ্জামান জড়িত ছিলেন। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী কেঁদে ফেলেন এবং তাঁর মায়ের হত্যার বিচার চান। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।