মাকে নিয়ে দ্বারে দ্বারে
দৃষ্টিপ্রতিবন্ধী নহরজান নেছার একমাত্র উপার্জনক্ষম সন্তান বিপুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে পঙ্গু। তিন বছর ধরে তার পেটে পায়খানার ব্যাগ ঝুলিয়ে রাখা হয়েছে। নহরজান নেছা জানেন না সন্তানের এই কষ্ট আদৌ লাঘব হবে কি না।বিপুল হোসেন (১৩) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আবদুস সাত্তার ও নহরজান নেছার একমাত্র ছেলে। বাবা ছয় বছর আগে মাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। বিপুলকে নিয়ে নহরজান সরকারি খালের ধারে ঝুপড়িঘরে বসবাস করেন। নয় বছরের বিপুল গ্রামের মানুষের ফাইফরমায়েশ খেটে হাত পেতে যা নিয়ে আসত, তা-ই দিয়ে চলত তাদের সংসার। অন্ধ হওয়ায় নহরজান রান্নাও করতে পারেন না। অন্যের হাঁড়িতে চাল-ডাল দিয়ে চলে তাঁদের খাওয়া।এ অবস্থার মধ্যে তিন বছর আগে নানাবাড়ি বেড়াতে গেলে চুয়াডাঙ্গার সরজগঞ্জ বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে বিপুল। তার শরীরের ডান পা চিরদিনের মতো বাদ দিতে হয়েছে। বাঁ পায়েও আঘাতপ্রাপ্ত হওয়ায় ঠিকমতো শক্তি নেই। আর পায়খানার রাস্তায় সমস্যা দেখা দেওয়ায় বিকল্প হিসেবে পেটের ওপর একটি ছিদ্র করে দিয়েছেন চিকিৎসক, যেখানে সারাক্ষণ ব্যাগ ঝুলিয়ে রাখতে হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ৪০ হাজার টাকা হলে বিপুলের শরীর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু খাবার জোগাড় করাই যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে মা-ছেলের পক্ষে ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। নহরজান নেছা জানান, ছেলেই তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান জানান, ছেলেটি খুবই অসহায়। সামান্য অর্থের জন্য তার চিকিৎসা হচ্ছে না।