মাকে নিয়ে বাড়ি ফেরা হলো না মাহফুজুরের
কঠোর লকডাউন শুরুর আগেই মাকে নিয়ে গ্রামের বাড়ি বরগুনায় ফিরতে চেয়েছিলেন মাহফুজুর রহমান। ঢাকা থেকে মোটরসাইকেলযোগে মাকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু মোটরসাইকেলযোগে দীর্ঘপথের এই যাত্রা মাদারীপুরে এসে রূপ নিল বিষাদে। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ছেলের চোখের সামনেই মারা গেলেন মা।
আজ বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের মস্তফাপুর বড়ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই রোজিনা বেগম (৪৫) নামের ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মাহফুজুরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহফুজুর ঢাকার বাড্ডা থানায় সহাকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা পুলিশ লাইনস এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে মোটরসাইকেলযোগে বরগুনায় যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা মাহফুজুর ও তাঁর মা। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে যাচ্ছিলেন তাঁরা।
মোটরসাইকেলটি মাদারীপুরের মস্তফাপুর বড়ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান একটি থ্রি-হুইলারকে ওভারটেক করতে গিয়ে মাহফুজুরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুজনই মহাসড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির ওই কাভার্ড ভ্যান রোজিনাকে চাপা দিলে ঘটনস্থলেই তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হন মাহফুজুর। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবদুল্লা আল মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বরিশালগামী একটি মোটরসাইকেলকে আইয়ান জুট মিলসের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ওই কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আহত মাহফুজুরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন শঙ্কামুক্ত।’