মাকে পরিপুরক খাওয়ালে শিশু বাঁচে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণায় দেখা গেছে গর্ভধারণের শুরুতে প্রসূতিকে প্রয়োজনীয় অনুপুষ্টিকণার পরিপুরক খাওয়ালে তাঁর জন্ম দেওয়া শিশুর বেঁচে থাকার সম্ভাবনা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। অন্য দিকে এক বছরের কম বয়সী শিশুদের যদি আগেভাগে সম্পুরক খাদ্য খাওয়ানো শুরু করা যায় তা হলে শিশুমৃত্যু ৬২ শতাংশ কমে যায়।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষকেরা চাঁদপুর জেলার মতলবে এই গবেষণা করেছেন। আজ বৃহস্পতিবার আসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে অন্য চারটি গবেষণার সঙ্গে এই গবেষণার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শিশুর বৃদ্ধি বিষয়ক এই গবেষণাটি করেছেন জেনা হামাদানি। বাকি চারটি গবেষণাও হয়েছে মতলবে।

অনুষ্ঠানে জানানো হয়, আইসিডিডিআরবি গত ১৫ বছর মতলবে মিনিম্যাট (ম্যাটারনাল অ্যান্ড ইনফ্যান্ট নিউট্রিশন ইন্টারভেনশনাস ইন মতলব) নামের একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে। ২০০২ সালে এই প্রকল্প শুরু হয়েছিল। আইসিডিডিআরবির মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের সিনিয়র পরিচালক শামস এল আরেফিন বলেন, এই গবেষণা প্রকল্পের আওতায় ১০০ টির বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ তৈরি হয়েছে এবং সেগুলো বিশ্বের নাম করা চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ ছাড়া ১৮ জন শিক্ষার্থী পিএইচ ডিগ্রি নিয়েছেন।
গবেষণায় চার হাজার ৪৩৬ জন নারীকে অন্তর্ভুক্ত করা হয়। এসব মহিলাদের এবং তাদের শিশুদের ১৫ বছর পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় খাদ্য বা পানিতে থাকা আর্সেনিক বা ক্যাডমিয়াম শিশুদের ওপর কী প্রভাব ফেলে তা দেখা হয়েছে। গবেষণায় দেখা গেছে গর্ভধারণকালে পুষ্টিবিষয়ক উদ্যোগ শিশুর উচ্চতাবৃদ্ধিতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ইউনিসেফের পুষ্টিবিষয়ক কর্মকর্তা সীমা সেনগুপ্তা বলেন, জরুরি এসব গবেষণা ফলাফল কীভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজে লাগানো যায় সেটাই বড় চ্যালেঞ্জ।